২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন পিছোলো ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার মুক্তি?

ফের পিছালো রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত তামিল সাইন্স ফিকশন ‘টু পয়েন্ট জিরো’র মুক্তির তারিখ। বক্সঅফিসে ‘অক্ষয় বনাম অক্ষয়’ লড়াই এড়াতেই কি পিছোনো হলো এ সিনেমার মুক্তি? ধারণা করা হচ্ছে এমনটাই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:50 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

২০১০ সালের সাড়াজাগানো তামিল সাইন্স ফিকশন ‘এন্থিরান’- এ প্রেমিক রোবট চিট্টি’র তেলেশমাতি এখনও ভুলতে পারেননি দর্শক! এ সিনেমার বিপুল সফলতার কারণেই সিকুয়াল ‘টু পয়েন্ট জিরো’ নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছেন পরিচালক এস. শঙ্কর।

কিন্তু নানা কারণেই বারে বারে পিছিয়ে যাচ্ছে বহুল আলোচিত এ সিনেমার মুক্তির তারিখ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২০১৫ সালের শেষের দিকে শুরু হওয়ার কথা ছিলো ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার শুটিং। সে সময় তামিলনাড়ুতে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয় সিনেমার শুটিং।

পরবর্তীতে ২০১৬ সালে শুরু হওয়া এ ছবির প্রাথমিক মুক্তির দিন নির্ধারিত হয়েছিল ২০১৭ -এর মধ্যভাগে। কিন্তু শুটিং সেটে আগুন লাগা সহ নানা কারণে পিছোয় মুক্তির এ ডেডলাইনটিও।

এরপর ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তির নতুন তারিখ ঘোষণা দেয় সিনেমা কর্তৃপক্ষ কিন্তু সম্প্রতি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে তা!

ঠিক কী কারণে পিছোনো হলো ‘টু পয়েন্ট জিরো’ মুক্তির তারিখ?

সঠিক উত্তর জানা না গেলেও কারণ অনুসন্ধানে মিলেছে মজার এক তথ্য! ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার ও সোনম কাপুর অভিনীত ‘প্যাডম্যান’।

বক্সঅফিসে অক্ষয় কুমারের দুই সিনেমার সংঘর্ষ এড়াতেই নাকি পিছানো হয়েছে ‘টু পয়েন্ট জিরো’র মুক্তির দিন।

সম্প্রতি ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাইকা প্রডাকশনস’। ২০১৮ -র ২৭ এপ্রিল মুক্তি পাবে রজনীকান্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকশন অভিনীত এ সিনেমাটি।