২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরফের উপর ক্যাটরিনার ছবি আঁকলেন সালমান

মুক্তির আগেই নানা কারণে খবরের শিরোনাম হয়ে চলেছে সালমান-ক্যাটরিনা জুটির নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।এবারে এ ছবির নতুন গান ‘দিল দিয়া গাল্লা’ প্রকাশের সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছে দর্শক মনে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:35 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

কদিন আগেই দর্শকমাৎ করেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ এর ‘সোয়াগ সে সোয়াগত’ গানটি। এবারে এ ছবির দ্বিতীয় গানে মাতোয়ারা করলেন সাবেক প্রেমিক জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

বিশাল ও শেখরের সুর ও সংগীতায়োজনে এবং আতিফ আসলামের কণ্ঠে গাওয়া এ রোমান্টিক গানে বরফের উপর ক্যাটরিনার পোট্রেট আঁকতে দেখা গেছে ‘ভাইজান’কে!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকমহলে সমাদৃত হয়েছে ‘দিল দিয়া গাল্লা’ গানটি। ৩ মিনিট ৪ সেকেন্ডের এ গানটিকে এ বছরের সেরা রোমান্টিক গান হিসেবেও অবিহিত করছেন অনেকে।

গোলা-গুলি ও মারপিটের বাইরে স্পাই এজেন্ট টাইগার ও জোয়ার (সালমান ও ক্যাটরিনা) এ মিষ্টি প্রেমের গান মন ছুঁয়েছে ভক্তদের!

 

গানের উদ্বোধনী অনুষ্ঠানে ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালক আলী আব্বাস জাফর বলেন, “আমরা চেয়েছিলাম এ গানের মাধ্যমে দুটি প্রাপ্তবয়স্ক মানুষের ভেতরের প্রেমের সম্পর্কটি উপস্থাপন করতে। আমার মনে হয় ‘দিল দিয়া গাল্লা’তে সেই বিষয়টি সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে।

বরফের ভেতর রঙ দিয়ে ছবি আঁকা খুব কঠিন একটি কাজ। এ কাজটিই আমরা করেছি। আমার মতে এটিই এ গানের বিশেষত্ব।এ গানের দৃশ্যায়নে সালমান ও ক্যাটরিনা দুজনই অনেক কষ্ট করেছেন। তাদের ধন্যবাদ।”

২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২ সালের সাড়াজাগানো সিনেমা ‘এক থা টাইগার’-এর সিকুয়্যাল এ সিনেমাটি।