২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে ‘বাইক রাইডার’ এভ্রিল

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম দফায় চ্যাম্পিয়ন হওয়া ও পরবর্তীতে ‘বিয়ে বিতর্কের’ জেরে বাদ পড়া জান্নাতুল নাঈম এভ্রিল এবার ‘বাইক রাইডার’ চরিত্রে হাজির হচ্ছেন বড়পর্দায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 06:03 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শনিবার বিকেলে গ্লিটজকে এ তথ্য দিয়েছেন তিনি।

‘বাইকার’ হিসেবে পরিচিত পাওয়া চট্টগ্রামের এ তরুণীকে ঘিরেই চলচ্চিত্রের গল্প সাজানো হচ্ছে। গ্লিটজকে তিনি বলেন, “ডিরেক্টর-প্রডিউসাররা ব্যতিক্রমধর্মী একটা সিনেমা নির্মাণ করছেন। ওনারা চাইছেন আমাকে অ্যাকশনধর্মী চরিত্রে উপস্থাপন করতে। সিনেমার গল্পটা বাইক রাইডিংয়ের উপর নির্ভর করে হবে। স্ক্রিপ্ট লেখার কাজ এখনো চলছে। ওরা একটু টাইম নিচ্ছে। ব্যাপারটা যাতে সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। আমি তাদের জন্য অপেক্ষা করছি।”

চলচ্চিত্রের নাম, পরিচালক, সহশিল্পীসহ অন্যান্য তথ্যগুলো ‘আপাতত’ প্রকাশ করা বারণ আছে বলে জানালেন তিনি।

সিনেমায় কাজ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে নাটক ও টিভিসিতে কাজ করছেন তিনি। নির্মাতা জুনায়েদ বিন জিয়ার ভ্যালেন্টাইন ডে’র বিশেষ একটি নাটকে অভিনয় করছেন। ১০ ডিসেম্বর থেকে নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। 

গত ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে এভ্রিলের নাম ঘোষণার পর থেকে বিতর্ক তৈরি হয়।

বিচারকদের মতামত উপেক্ষা করে আয়োজক সংস্থা অন্তর শোবিজ এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন বলে প্রথমে অভিযোগ ওঠে। তারপর বিয়ের খবর লুকিয়ে এভ্রিলের এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরও আসে গণমাধ্যমে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বিয়ের খবর গোপন রেখে তিনি অসততার পরিচয় দিয়েছেন।

ওই বার্তা পাওয়ার পর অন্তর শোবিজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়। আরেক প্রতিযোগী জেসিয়া ইসলামকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

ছবি: এভ্রিলের ফেইসবুক থেকে নেওয়া।