২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধশতক পেরিয়ে ‘মধুমিতা’

পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে সিনেমা হলটির মালিক ও সেন্সর বোর্ডের সদস্য   ইফতেখার উদ্দিন নওশাদ মুখোমুখি হয়েছেন গ্লিটজের। ‘মধুমিতা’র কর্মীরাও শোনালেন নানা স্মৃতিকথা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 07:39 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল 'মধুমিতা' পঞ্চাশ বছর অতিক্রম করলো। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর ‘ক্লিওপেট্রা’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু ।  

‘মধুমিতা’ সিনেমার জন্ম ইতিহাস বর্ণনা করতে গিয়ে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ''মধুমিতা সিনেমা হলের জন্ম একটা বড়গল্প। আমার বাবা ছিলেন প্রচণ্ড বিলাসী একজন মানুষ। সাবানের ফ্যাক্টরি ছিল তাঁর। আর শখ ছিল বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো।

তখন বলাকা সিনেমা হলে চলছিল সত্যজিৎ রায়ের সিনেমা 'মহানগর'। বাবা ১০-১২ জন বন্ধু নিয়ে গেলেন সিনেমা দেখতে। হল থেকে বাবাকে বলা হলো চারটার বেশি টিকেট দেওয়া যাবেনা।

ওইদিন বাবা জিদ ধরলেন নিজেই সিনেমা হল বানাবে। যেই ভাবা সেই কাজ। এই ঘটনার তিন বছর পরে নির্মাণ করা হলো আমাদের স্বপ্নের মধুমিতা।''

মধুমিতা নামটা কীভাবে এলো, এই নামে কি আপনাদের পরিবারে কোনো সদস্য ছিলেন?

গ্লিটজের এমন প্রশ্নে নওশাদ বলেন, '' না না আমাদের পরিবারে মধুমিতা নামে কেউ ছিলেন না। মূলত বাবা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন সিনেমা হলের নাম চেয়ে। তখন হাজার হাজার  চিঠি আসতো প্রতি সপ্তাহে। একজন প্রস্তাব করেছিল 'মধুমিতা' নামটি। কিন্তু ঠিক কার চিঠি থেকে নামটা নেওয়া হয়েছিল সেটা স্মরণে আনতে পারছিনা।

সিনেমা হল নির্মাণের পরের যুদ্ধটাও বেশ রোমহর্ষক। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর ‘ক্লিওপেট্রা’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হলের। একটা নতুন সিনেমা হল, লোকজন সেভাবে নামটাও জানেনা। এই অবস্থায় খুব বেশি দর্শকও হচ্ছিল না।

Image
ছবি: ইফতেখার উদ্দিন নওশাদের ফেইসবুকের সৌজন্যে

ছবি: ইফতেখার উদ্দিন নওশাদের ফেইসবুকের সৌজন্যে

আসলে এই জায়গাটা একটা ডোবা ছিল। আর আশেপাশের কিছু দর্শক ছাড়া তেমন লোক হতো না। এরপর বাবা ভলকান পিকচারসের বখতিয়ার সাহেবকে দিয়ে বিভিন্ন বিদেশি সিনেমা আমদানি করতেন। যেটা শুধুমাত্র আমাদের হল আর লায়ন সিনেমা হলে মুক্তি দেওয়া হতো।

এটা ছিল অনেকটা জুয়ায় মত। হলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্যই বাবা এই জুয়াটা খেলেছিলেন। এবং সম্পূর্ণ সফলও হয়েছেন।

এই পদ্ধতি গ্রহণ করার পর দূরদূরান্ত থেকে দর্শক ছুটে আসত আমাদের হলে। মূলত বাবার সেই দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ আমরা পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করতে পারছি। তা না হলে সেই শুরুতেই মুখ থুবড়ে পড়তে হত” ।

মধুমিতায় প্রথম ব্যবসা সফল সিনেমাটির নাম ছিল রাজ্জাক শাবানা অভিনীত সিনেমা ‘আগুন’।

এ তথ্য জানিয়ে নওশাদ বলেন “আসলে তখন খুব বেশি অসফলও হতোনা কোনো সিনেমা। এরপরে ‘নিশান’,‘মনের মাঝে তুমি’, ‘মিন্টু আমার নাম’, ‘পদ্মানদীর মাঝি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘সোহাগ’সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা রয়েছে।

আগে দর্শকদের ভেতরে সিনেমা হলে আসার একটা প্রবণতা ছিল। ছুটির দিন বা কোনো উৎসবে বিনোদন বলতে মানুষ সিনেমাকেই বুঝতো।

এখন সে দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। মানুষ সিনেমা হলে আসেনা। বছরে একটা বা দুটো সিনেমা হিট হয়। বছরে দুটো হিট সিনেমা দিয়ে হলমালিক, প্রযোজক, পরিচালক কেউই বাঁচবেনা।

সিনেমা হলে দর্শক না আসার মূল কারণ কী বলে আপনার মনে হয়?

মধুমিতার কর্ণধর বলেন, “প্রথমত বিনোদনের নানা মাধ্যম এখন  তৈরি হয়ে গেছে, দ্বিতীয়ত হলের পরিবেশ। মানুষের স্বাদ বদলেছে। মানুষ এখন সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে চায়।

অথচ আমাদের রাজধানীতে মাত্র তিনটে সিনেপ্লেক্স রয়েছে। আমি পরিকল্পনা করেছি মধুমিতাকেও সিনেপ্লেক্সে রূপান্তরিত করবো”।

Image
ছবি: ইফতেখার উদ্দিন নওশাদের ফেইসবুকের সৌজন্যে

ছবি: ইফতেখার উদ্দিন নওশাদের ফেইসবুকের সৌজন্যে

ভালো সিনেমা হয়না বলে মানুষ হলে যায়না, একজন হল মালিক হিসেবে সমালোচকদের এমন মন্তব্য কীভাবে দেখেন?

“এটা তারা খুব একটা ভুল বলেনা। ভালো মানের সিনেমা না হলে মানুষ কেন টাকা খরচ করে হলে আসবে? বছরে অন্তত ১০ টা মানসম্মত সিনেমা হতে হবে। আর হলিউড বলিউড থেকেও সিনেমা আমদানির পক্ষে আমি।

ধরুন আজ হলিউডের বা বলিউডের একটা সিনেমা এদেশের মানুষ ইন্টারনেটে দেখছে। কিন্তু যখন এটা বড় পর্দায় প্রদর্শিত হবে তখন কিন্তু মানুষ সিনেমা হলে আসতে বাধ্য।

আর তথ্যপ্রযুক্তির এই যুগে এসে চাহিদাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যদি দর্শক-চাহিদা ও আমাদের সক্ষমতার ভিত্তিতে বিদেশি সিনেমা আমদানির পথে যাই তাহলে আমাদের সিনেমাহল শিল্পের নাজুকদশা কেটে যাবে।

আর আমাদের সিনেমা হলের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটির নাম হলো ‘টাইটানিক’। যা দীর্ঘ ২৮ সপ্তাহ চলেছে। বাংলাদেশের সিনেমা হলের ইতিহাসেও এটা প্রথম।

মধুমিতা সিনেমা হলে সুগন্ধী নিয়ে একটা গল্প প্রচলিত আছে।  বিষয়টা একটু বলবেন?

হেসে ফেলেন নওশাদ। হাসতে হাসতে বলেন “এই সুগন্ধী নিয়ে কত স্কুল পলাতক ছেলে বাবা মায়ের পিটুনি খেয়েছে তার ইয়ত্তা নেই। আসলে ওটিস নামে একটা কোম্পানির সুগন্ধী আমরা ব্যবহার করি। এটার গন্ধটা খুব সুন্দর।

আর এই গন্ধের বিশেষত্ব হচ্ছে তিনঘন্টা সিনেমা দেখে বের হওয়ার পর শরীরে গন্ধটা থেকে যায়। স্কুল পড়ুয়া ছেলেরা পালিয়ে সিনেমা দেখতে এসে বাসায় গিয়ে এই গন্ধের কারণে ধরা খেত।”

আপনারা বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন। এখন কেন প্রযোজনায় আসছেন না ?

নওশাদ বলেন “আমাদের প্রযোজনার বিষয়টি মূলত আমার বড় ভাই দেখতেন।  মধুমিতা মুভিজ প্রযোজিত প্রথম সিনেমা ছিল ‘উৎসর্গ’ আর শেষ সিনেমা ‘দুষমনি’। এরপর বড় ভাই  মারা গেলে প্রযোজনা বন্ধ হয়ে যায়। আমরা ২০১৮ সালের শেষ দিকে আবার প্রযোজনায় যাব”।

মধুমিতা সিনেমা হলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক শুভেচ্ছাবানী পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইফতেখার নওশাদ।

ছলছল চোখে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শুভেচ্ছাবার্তা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি আমাদের সিনেমা শিল্পকে ঠিক কতটা ভালোবাসেন।

তিনি আমাকে জানিয়েছেন, ১৯৬৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে ‘ক্লিওপেট্রা’ সিনেমাটি দেখে গেছেন আমাদের হলে এসে।”

১৯৮৩ সালে মধুমিতা হলে অ্যাকাউন্টটেন্টের চাকরি নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, “আমি চাকরিতে ঢোকার পরেও সিনেমার রমরমা যুগ ছিল। দিনে ১০ বার পর্যন্ত নীচে জনতা ব্যাঙ্কে টাকা জমা দিতে যেতে হয়েছে। এখন সেখানে দিনে মাত্র একবার যাই। অনেক দিন যেতেও হয়না”  বিমর্ষ হয়ে পড়েন তিনি।

কথা হয় এ্যাকাউন্টসের আরেকজন কর্মকর্তা বাবুল চন্দ্র দে’র সাথে। যিনি সিনেমা হলে যোগদান করেন ১৯৭৪ সালে।

বাবুল দে বলেন, ''আমার নিজের চোখ একটা দেশের হল ব্যবসার জমজমাট অবস্থা থেকে মুখ থুবড়ে পড়া পর্যন্ত প্রত্যক্ষ করেছে। একসময় যেখানে লোক গমগম করতো। এখন সেখানে মাছিও ওড়েনা।

আমি নিজে দেখেছি এখান থেকে কয়েক কিলো দূরে মানিকনগর স্টেশনে ব্ল্যাকে বিক্রি হতো আমাদের হলের টিকেট। আসলে তখন দেশি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও চলতো। আমার মনে হয় সরকারের উচিৎ দেশি বিদেশি সব সিনেমাই হলে চলতে দেওয়ার অনুমতি প্রদান করা। ''

ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ২০১৮ সালের মাঝামাঝি হলিউডের সিনেমা আমদানি করার পরিকল্পনা রয়েছে তাঁর।

১ ডিসেম্বর সিনেমা হলটির ৫০ বছর পূর্তি হলেও তেমন কোনো আয়োজন থাকছেনা দিনটিকে ঘিরে। তবে ঘরোয়া ভাবে কিছু তারকাকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি মিলনমেলা।

উপস্থিত থাকছেন আমজাদ হোসেন, আজিজুর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সি বি জামান, মাসুদ পারভেজ, ওয়াসিম, প্রবীর মিত্র, রাইসুল ইসলাম আসাদ, বাপ্পারাজ, সম্রাট, নায়ক সাত্তার, সুব্রত প্রমুখ।

ইফতেখার নওশাদ জানান ফেব্রুয়ারিতে জাকজমকপূর্ণ ভাবে বর্ষপূর্তির আয়োজন করা হবে।

প্রসঙ্গত, মোট ৫০ জন কর্মী নিয়ে চলছে রাজধানীর ঐতিহ্যবাহি মধুমিতা সিনেমা হল।