শুক্রবার মুক্তি পাচ্ছে রুনার দুই চলচ্চিত্র
শুক্রবার মুক্তি পাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী রুনা খানের দুই চলচ্চিত্র ‘হালদা’ ও ‘ছিটকিনি’।
‘হালদা’ সিনেমাটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। বৃহস্পতিবার ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা।
অন্যদিকে ‘ছিটকিনি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও যোজনা প্রোডাকশনস প্রযোজিত ‘ছিটকিনি’। ছবিটি নির্মাণ করেছেন সাজেদুল আউয়াল।
নির্মাতা বলেন, “মুন্সিগঞ্জের ‘পিক্স সিনেপ্লেক্স’-এ মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের শ্রম সার্থক হবে। পরে ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায় প্রদর্শনের উদ্যোগ নেয়া হবে।”
‘ছিটকিনি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তিনি বলেন, “সিনেমার গল্পটা চমৎকার। এতে ময়মুনা নামে একজন পাথর শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। আশাকরি দর্শকরা ছবিটিকে গ্রহণ করবে।”
রুনা খান ছাড়াও ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপনসহ আরো অনেকে অভিনয় করেছেন। অভিনয়াংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেছেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তাঁর দল।
ডিসেম্বরেই রুনা অভিনীত আরেক চলচ্চিত্র ‘গহীন বালুচর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
