যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ম্যাট লয়ার
যৌন হয়রানির অভিযোগে মার্কিন টিভি চ্যানেল এনবিসি নিউজ থেকে বরখাস্ত করা হলো উপস্থাপক ম্যাট লয়ারকে।
১৯৯৭ সাল থেকে এনবিসি নিউজ-এর ‘দ্য টুডে শো’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করে আসা মার্কিন সাংবাদিক ম্যাট লয়ারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন তারই এক সহকর্মী।
অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালে ‘সোচি অলিম্পিক’ আসরে সংবাদ সংগ্রহের সময় তার এক নারী সহকর্মীর সঙ্গে অসংযত আচরণ করেন তিনি। তারই ভিত্তিতে প্রতিষ্ঠান থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে লয়ারকে।
এ প্রসঙ্গে এক বার্তায় এনবিসি নিউজ কর্তৃপক্ষ জানায়, “কর্তৃপক্ষের যৌন আচরণবিধি ভঙ্গ করায় লয়ারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান ‘যৌন নিপীড়ন’ বিরোধী আন্দোলন ও অবস্থানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ক’দিন আগেই হলিউড পরিচালক ও প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারির ঘটনায় তাকে অস্কার কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সাংবাদিক ও টিভি উপস্থাপক ম্যাট লয়ার ২০ বছর ধরে এনবিসি’তে কর্মরত ছিলেন।
