২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যান্ডদল ‘নিউ সোনার বাংলা সার্কাস’

আত্মপ্রকাশ করলো নতুন ব্যান্ডদল ‘দি নিউ সোনার বাংলা সার্কাস’। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ‘রোহিঙ্গার গান’ দিয়ে আত্মপ্রকাশ করলো দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 11:05 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

প্রায় একযুগ ব্যান্ডদল ‘মনোসরনি’-নিয়ে এগুলেও চলতি বছরের শুরুতে নতুন দল গড়েন প্রবর রিপন। ২৩ নভেম্বর বনানীর ‘যাত্রবিরতি’তে আত্মপ্রকাশ করে নতুন এ ব্যান্ডদলটি। এ সময় রোহিঙ্গা ইস্যুতে ‘রোহিঙ্গার গান’ ও তার ভিডিও উন্মোচনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব ঘোষণা করে ‘নিউ সোনার বাংলা সার্কাস’।

এ প্রসঙ্গে প্রবর রিপন শনিবার গ্লিটজকে বলেন, “সময়ের সাথে সাথে শিল্পীর মধ্যে পরিবর্তন আসে, মানসিকতার পরিবর্তন হয়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে চাই, এখানেও তেমনই ঘটেছে। ‘মনোসরনি’ তেমন কার্যকর হচ্ছিলো না। আমিও মিউজিক্যালি অন্যভাবে কিছু একটা করতে চাচ্ছিলাম যেটা আরও ড্রামাটিক ও থিয়েট্রিক্যাল হবে এমন কিছু।”

তিনি আরও বলেন, “সেখান থেকেই আমার মনে হলো ছোটবেলায় একটা সার্কাস দল ছিলো ‘দি নিউ সোনার বাংলা সার্কাস’। কেরানিগঞ্জের একটা দল ছিলো ওটা। আমি প্রতিবছর অপেক্ষা করতাম কখন ওরা আসবে। আমার বাসার পাশের একটা মাঠে আসতো। আমার প্রচণ্ড স্বপ্ন ছিলো আমি ওদের সঙ্গে ওদের মতো করে হারিয়ে যাবো। সেটা তো তখন সম্ভব হয়নি। এখনও সেই টানটা রয়ে গেছে। তাই ব্যান্ডের নাম ‘নিউ সোনার বাংলা সার্কাস’।”

বছর খানেক ধরেই নতুন ব্যান্ডদলটি নিজেদের গান তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করছে। নতুন বছরের শুরুতেই তাদের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামের লাইভ রেকর্ডিংয়ের প্রস্তুতিতে যখন মগ্ন দলটি তখন রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ অভিমুখী যাত্রা তাদের অ্যালবাম প্রস্তুতি থামিয়ে দেয়।

প্রবর রিপন বললেন, “শরণার্থী ইস্যুটা দীর্ঘদিন ধরেই আমার ভেতরে নাড়া দিচ্ছিলো। আমার কবিতায় আসছিলো, গানেও আসছিলো। কিন্তু রোহিঙ্গা ইস্যুটা আমাকে প্রবলভাবে নাড়া দেয়। আমার মনে হয়েছে এটা নিয়ে আমাদের কিছু বলা দরকার। তাই অ্যালবামের কাজ স্থগিত রেখে গানটি তৈরি করলাম। ভিডিওটিও তৈরি করলাম। রোহিঙ্গা নিয়ে গানটি শরণার্থী ইস্যুতে আমাদের ব্যান্ডের অবস্থান।”

‘নিউ সোনার বাংলা সার্কাস’ দলের সদস্যরা হলেন, প্রবর রিপন (ভোকাল ও গিটার), শেঠ পান্ডু ব্লুমবার্গ (গিটার), রিজওয়ান সাইদ (বেজ, কিবোর্ড), খালিদ আশরাফ (ড্রামস)।