২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইতে গাইতে গায়েন বিপ্লব সাহা

জি সিরিজ থেকে প্রকাশিত হলো বিপ্লব সাহা’র প্রথম অ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব’। সম্প্রতি তারকা বহুল এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো তার অ্যালবামের প্রকাশনা উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 10:42 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

‘গাইতে গাইতে গায়েন’ প্রচলিত কথাটিকে সত্য করে কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভূত হলেন বিপ্লব সাহা। দেশের স্বনামধন্য উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখন তিনি মনোনিবেশ করেছেন গানে। প্রকাশ পেয়েছে তার প্রথম গানের অ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব’। ৪টি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছে ডুয়েট অ্যালবামটি। অ্যালবামে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর ও কোনাল।

অ্যালবামে দেবলীনা সুরের সঙ্গে ‘সেদিন দুজনে’, ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ ও কোনালের সঙ্গে  ‘আমার পরাণ যাহা চায়’ এবং ‘তুমি রবে নীরবে’ গানগুলো গেয়েছেন তিনি।

অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারিন, বিজরী বরকতউল্লাহ, আঁখি আলমগীর, কোনাল, সোহানা সাবা, ভাবনা, টুম্পা, মিথিলা, দিঠি, নির্ঝর, লিপি খন্দকার, স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পোলক, মোস্তফা খালিদ পলাশ, মহুয়া খায়ের, সঙ্গীতা খান, নাদিম কাদির, জিয়া, নিলয় সেনগুপ্তাসহ অনেকেই।

অ্যালবাম প্রসঙ্গে বিপ্লব সাহা বললেন, “অ্যালবামটি অক্টোবরে জি সিরিজের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। আমি গানের লোক নই তবে গান পিপাসু। গান দিয়ে দিন শুরু হয়, গান দিয়ে শেষ। কণ্ঠশিল্পী হিসেবে নয় বরং শ্রোতা হিসেবেই ইচ্ছা হলো গানগুলো গাইতে। হয়তো সাথে পেশাদার শিল্পীরা থাকছেন, অতটুকু যোগ্যতা আছে বলেই হয়তো তারা আমার সঙ্গে গাইছেন।”

তিনি আরও বলেন, “গানগুলো শুধু গান হিসেবে নয়, এর সঙ্গে কিছু কথাও আছে, সামিউল ইসলাম পোলকের কণ্ঠে সে সব ধারণ করা হয়েছে। গান-কথায় অন্যরকম মিউজিকে ও নতুন ঢংয়ে গানগুলো করার চেষ্টা ছিলো। শুনতে গৎবাঁধা গানের মতো লাগবে না, একটু ড্রামা আছে।”

সম্প্রতি আবিদা সুলতানা, আঁখি আলমগীর ও কনার সঙ্গে গান করেছেন বিপ্লব সাহা। জানালেন, অনুরূপ আইচের কথায় রাজনের সুরে ভালোবাসা দিবসে আসছে তার নতুন গান। এছাড়াও সিঁথি সাহার সঙ্গে পাহাড়ী ঢংয়ের আরেকটি গানের প্রস্তুতি চলছে।

অ্যালবামটির সিডি ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর শোরুম থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল ও ‘বিশ্বরঙ’ ফ্যান ক্লাবের ইউটিউবে দর্শক শুনতে পারবেন গানগুলো।