দীর্ঘ ১৭ বছর পর পর্দায় একসঙ্গে অনিল-মাধুরী
‘টোটাল ধামাল’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর পর্দা মাতাতে চলেছেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড জুটি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত।
‘রাম লক্ষণ’, ‘বেটা’, ‘খেল’, ‘পুকার’সহ একাধিক সাড়াজাগানো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত।
এবার ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টোটাল ধামাল’ দিয়ে আবারও পর্দা মাতাতে চলেছেন তারা। ইন্দ্র কুমার পরিচালিত এ কমেডি সিনেমায় আরও অভিনয় করবেন অজয় দেবগণ, রিতেশ দেশমুখ, আর্শাদ ওয়ার্সি প্রমুখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করে পরিচালক ইন্দ্র কুমার বলেন, “অনিল ও মাধুরী দু’জনই সিনেমার চিত্রনাট্য পছন্দ করেছেন। দীর্ঘদিন বাদে একপর্দায় কাজ করবেন বলে তারা খুবই আনন্দিত। সব ঠিক থাকলে আসছে জানুয়ারিতেই শুটিং শুরু হবে।”
‘ধামাল’ ফ্র্র্যাঞ্চাজির আগের দুটি ছবি ‘ধামাল’ ও ‘ডাবল ধামাল’-এ দর্শকমাৎ করেছিলেন ‘মুন্নাভাই’ অভিনেতা সঞ্জয় দত্ত। তবে ‘টোটাল ধামাল’-এ দেখা যাবে না কমেডি গুরুকে।
এ প্রসঙ্গে ইন্দ্র কুমার বলেন, “আমি ঠিক বুঝতে পারিনি কী কারণে সঞ্জয় সিনেমাটি ফিরিয়ে দিয়েছেন। সে থাকলে পুরো বিষয়টি আরও সুন্দর হতো।”
১৯৯২ সালে ইন্দ্র কুমার পরিচালিত ‘বেটা’ সিনেমায় দর্শকমাৎ করেছিলেন অনিল-মাধুরী জুটি। ২০১৮ সালে মুক্তি পাবে তাদের নতুন ছবি ‘টোটাল ধামাল’।
এই জনপ্রিয় জুটিকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ‘পুকার’ (২০০০) চলচ্চিত্রে । ২০০১ সালে শ্রেষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত ফিল্মফেয়ার পুরস্কার পান এই চলচ্চিত্রের জন্যই । শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অনিল কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘পুকার’-এ অভিনয়ের কারণেই ।
