২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় প্রশংসিত ‘একজন কবির মৃত্যু’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হলো আবু সাইয়ীদ পরিচালিত ‘একজন কবির মৃত্যু’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। মঙ্গলবার কলকাতার নজরুল তীর্থে চলচ্চিত্রটির তৃতীয় প্রদর্শনী হচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 06:16 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজ’-এ একমাত্র বাংলাভাষার চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে আবু সাইয়ীদ নির্মিত চলচ্চিত্র ‘একজন কবির মৃত্যু’। কলকাতার বিভিন্ন স্থানে তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্রটির।

রোববার নন্দনে প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পরপরই আলোচনায় এসেছে চলচ্চিত্রটি।

গতকাল দ্বিতীয় প্রদর্শনীর পর আজ নজরুল তীর্থে তৃতীয় প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছেন নির্মাতা আবু সাইয়ীদসহ চলচ্চিত্রটির দুই কেন্দ্রিয় চরিত্রের অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও চিত্রনায়িকা আইরিন সুলতানা।

এ প্রসঙ্গে নির্মাতা আবু সাইয়ীদ বললেন, “উৎসবে বেশ প্রশংসিত হচ্ছে চলচ্চিত্রটি। দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পাচ্ছি গত দু’দিন ধরে। চলচ্চিত্রটি কিছুটা নিরীক্ষাধর্মী হওয়ায় শংকা ছিলো দর্শক কতটুকু গ্রহণ করেন।

কিন্তু সেসব নিরীক্ষা নিয়েই যখন প্রশংসা আসছে তখন বেশ ভাল লাগা কাজ করছে। কলকাতার এ উৎসবের দর্শকরাও বেশ পরিপক্ক। দীর্ঘদিনের ফিল্ম দেখার অভিজ্ঞতা ও আগ্রহ নিয়েই তারা উৎসবের চলচ্চিত্রগুলো উপভোগ করছেন।”

কবি চরিত্রে অভিনয় করা জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। এত মানুষ ছবি দেখতে আসছেন। এবং ছবি দেখার পর তাদের মন্তব্য এবং জানতে চাওয়া দেখেই বুঝতে পারছি তারা বেশ পরিপক্ক দর্শক।”

অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, “খুবই ভাল লাগছে আমাদের ছবিটা শর্টলিস্টে আছে। কতটুকু কী করতে পারবে সেটা জানি না, তবে আমাদের আশাটা অনেক বেশি, যারা দেখেছেন তারা খুবই ইতিবাচক মন্তব্য করেছেন।

ছবিটা একটু ইনোভেটিভ জায়গা থেকে তৈরি করা, সেই জায়গাটা দর্শক উপভোগ করছেন, এ বিষয়ে মন্তব্য করছেন তাই ভাল লাগছে।”

এর আগে আবু সাইয়ীদ নির্মিত ছয়টি চলচ্চিত্র কলকাতা চলচ্চিত্র উৎসব ও সিনে সেন্ট্রালের উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে, এবারের চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বলেন, এবারের ছবিটি নিরীক্ষাধর্মী।

কিছু ইনোভেটিভ কাজ করেছি এ ছবিতে। এবারের প্রতিযোগিতার বিষয়ও ‘ইনোভেশন ইন মুভিং ইমেজ’। তাই ছবিটির প্রতিযোগিতামূলক এই বিভাগে জায়গা পাওয়া যেন ছবিটির ধরণ বিচারে একধরণের স্বীকৃতি মিলল।”

‘একজন কবির মৃত্যু’ বাংলাদেশের প্রথম গণঅর্থায়নে নির্মিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ নিজেদের সামর্থ অনুযায়ী ১০০টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন।