২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের সেরা লেখাগুলোর প্রতি মনোযোগী হন: মিলন

ভক্ত-পাঠক, বন্ধু-স্বজনের মুখরিত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘হুমায়ূন মেলা’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 06:01 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

১৩ নভেম্বর ছিল হুমায়ূনের ৭০তম জন্মদিন। এদিনটি উপলক্ষে চ্যানেল আই চত্বরে পালিত হলো দিনব্যাপী হুমায়ূনমেলা। এদিন বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী পর্বে আয়োজকদের সঙ্গে উপস্থিত ছিলেন নাট্যজন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী ইমাম, হুমায়ূন আহমেদের ছেলে নূহাশ হুমায়ূন প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে হুমায়ূন আহমেদ সম্পর্কে অতিথিরা বলেন, “হুমায়ূন আহমেদ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন তার সাহিত্যকর্মের মাধ্যমে।”

মেলায় উপস্থিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন হুমায়ূনের স্মৃতিচারণ করে বলেন, “হুমায়ূন আহমেদ বহু ধরনের লেখা লিখেছেন। আমি ইদানীং খুব অবাক হয়ে লক্ষ্য করি একশ্রেণির পাঠক বা যাঁদের আমরা সাহিত্যের অভিভাবক মনে করি, তাঁদের মধ্যে কিছু কিছু মানুষ হুমায়ূন আহমেদকে শুধু হিমু, মিসির আলী, শুভ্র কিংবা রুপার স্রষ্টা হিসেবে বিবেচনা করেন।

এই জায়গাটিতে আমার কিছুটা আপত্তি আছে। হ্যাঁ, হুমায়ূন আহমেদ হিমু, মিসির আলী, শুভ্র ও রুপা চরিত্রগুলো সৃষ্টি করেছেন; কিন্তু এর পাশাপাশি যে অবিস্মরণীয় কাজগুলো  করে গেছেন, আমি হুমায়ূন ভক্ত-পাঠকদের বলব তাঁরা যেন তাঁর সেই লেখাগুলো পড়েন।”

তিনি আরও বলেন, “হুমায়ূন আহমেদের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল। প্রায় প্রতিটা সন্ধ্যা আমরা একসঙ্গে কাটাতাম। একবার তিনি ‘মধ্যাহ্ন’ উপন্যাস লেখার সময় আমাকে বলেছিলেন যে, এই উপন্যাসটি লিখতে লিখতে আমার অনেক কিছু ভাবতে হয়। লেখাটি নিয়ে আমার মাথাটি জ্যাম হয়ে আছে। আমি এখন একটি হিমুর গল্প লিখব।

তাঁর অর্থটা হচ্ছে, যখন তিনি সাহিত্যের কঠিন বিষয় নিয়ে কাজ করতেন এবং ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি মাঝে মাঝে হিমু, শুভ্র, রুপা বা মিসির আলী এই চরিত্রগুলোকে নিয়ে লিখতেন। এক ধরণের মানসিক তাৎক্ষণিক আনন্দের জন্য।

যাঁরা হুমায়ূন আহমেদের পাঠক, যাঁরা এই অনুষ্ঠান দেখছেন, তাঁদের আমি অনুরোধ করব, হুমায়ূন আহমেদ যে লেখাগুলোকে খুব ভাল মনে করতেন, যেমন—‘মধ্যাহ্ন’ বা ‘জোছনা ও জননীর গল্প’, ‘উতল হাওয়া’, ‘লীলাবতী’।প্রিয় পাঠক, আপনারা তাঁর এই লেখাগুলোর প্রতি মনোযোগী হবেন। তিনি তাঁর এই কাজগুলোকে শ্রেষ্ঠ কাজ মনে করতেন। এগুলো তাঁর মহৎ সৃষ্টি।”

মেলা প্রসঙ্গে নূহাশ হুমায়ূন বলেন, “আমার আলাদা করে কিছু বলার নেই। বাবা’র জন্মদিন এমনভাবে পালিত হচ্ছে দেখে আমি অভিভূত।”

মেলা দেখতে এসেছিলেন বিদেশীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টরা ও হুমায়ূন ভক্তরা। আবৃত্তি করেছেন সৈয়দ হাসান ইমাম। হুমায়ূন আহমেদ সম্পর্কে ইমদাদুল হক মিলন ছাড়াও বলেছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা, শিল্পী ফেরদৌসী আরা, সময় প্রকাশের ফরিদ আহমেদ প্রমুখ।

মেলায় দলীয় নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন ছাড়াও হুমায়ূন আহমেদের লেখা গান, তার পছন্দের গান এবং হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রে ব্যবহার হয়েছে এমন গানগুলো পরিবেশন করেছেন ফেরদৌস আরা, তপন চৌধুরী, সেলিম চৌধুরী, কিরণ চন্দ্র রায়, চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীবৃন্দ।

মেলার স্টলগুলোতে ছিল হুমায়ূন আহমেদ ব্যবহৃত চায়ের কাপসহ হুমায়ূন আহমেদের স্মৃতিজড়িত হরেক রকমের সামগ্রী।

চিত্রশিল্পী আবদুল মান্নানের নেতৃত্বে হুমায়ূন আহমেদকে নিয়ে চিত্রাঙ্কন করেছে শিশুশিল্পীরা।

মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। উপস্থাপনা করেছেন অপু মাহফুজ ও সাথি। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজা।

মেলায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিআই সল্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এনআরবি বাজার-এর ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম, বাংলা প্রকাশের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, প্রযোজক জাহাঙ্গীর খান।