২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চের আলোয় স্বৈরাচার বিরোধী হুমায়ূন

মঞ্চে হুমায়ূন আহমেদের নাটকের যাত্রা শুরু হয় আশির দশকে। নান্দনিক নাট্যসম্প্রদায়ের হাত ধরে ১৯৮৪ সালে মঞ্চে আসে তার ‘নৃপতি’ নাটকটি। নাটকটি লেখার মুহূর্ত থেকে নির্মাণ পর্যন্ত হুমায়ূনকে কাছ থেকে দেখেছেন নান্দনিক নাট্যসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ‘নৃপতি’র অভিনেতা আ মা মা হাসানুজ্জামান। নাটকটির জন্মমুহূর্তের স্মৃতিচারণ করেছেন মঞ্চের প্রবীন এ অভিনেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 08:32 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

তখন ১৯৮৪ সাল। স্বৈরাচার এরশাদের শাসনামল। বরাবরের মতো তখনও ভালো নাটকের সংকট ছিল। আমাদের এক বন্ধু নান্দনিকের সদস্য। তিনি হুমায়ূন আহমেদের সরাসরি ছাত্র ছিলেন।

একদিন আমাদের কয়েকজনকে নিয়ে সে স্যারের বাসায় যায়। স্যার তখন নয়াপল্টনের একটি বাসায় ভাড়া থাকতেন। আমরা আমাদের প্রস্তাব দেবার পরে স্যার রাজি হন এবং একটি নাটক লেখার কাজে হাত দেন।

সেসময় উনি টেলিভিশনে নাটক লেখা নিয়ে ব্যস্ত ছিলেন। কাজেই তার হাতে সময় ছিল কম। তবুও আমাদের জন্য নাটক লেখা চলছে।

ইতিমধ্যে স্যার নয়াপল্টনের বাসা থেকে এলিফেন্ট রোডের বাসায় আসেন। এবার আমাদের তাঁর বাসায় যাতায়াতের মাত্রা বৃদ্ধি পায়। আমরা ডাইনিং টেবিলে গোল হয়ে বসতাম আর স্যার আমাদের সামনেই তার লেখা চালিয়ে যেতেন।

আর এভাবেই তৈরি হলো তার লেখনিতে স্বৈরাচারবিরোধী মঞ্চনাটক ‘নৃপতি’।

যদিও তিনি মঞ্চনাটক লেখায় আগ্রহী ছিলেন না। কারণ তার যুক্তি হচ্ছে মঞ্চে যদি একটি নাটকের ১০০টা শো হয়, তাহলে বড়জোর ত্রিশ হাজার দর্শক তা দেখবে। কিন্তু টেলিভিশনে ততক্ষণে একটি নাটক হয়তো কয়েক লক্ষ দর্শক দেখে ফেলেছেন।

নাটকটি যখন লেখা হলো, তখন তিনি প্রতিদিন আমাদের মহড়া কক্ষে আসতেন। বলতেন, “আমিতো খুব একটা মঞ্চনাটক লিখিওনি, করিওনি, দেখিওনি। তোমাদের রিহার্সল দেখে বোঝার চেষ্টা করছি বিষয়টা কী।”

উনি উপস্থিত থেকে আমাদের অনেক সহযোগিতা করেছেন।

মহিলা সমিতিতে নাটকটি যখন প্রথম মঞ্চে আসে তখন খুব উত্তেজিত ছিলেন হুমায়ূন আহমেদ। খুবই আনন্দিত হয়েছিলেন। সম্ভবত এ নাটকে দর্শক সাড়া দেখেই তিনি পরবর্তীতে আরও একটি মঞ্চনাটক লেখার ব্যাপারে উৎসাহিত হয়েছিলেন।

এই দেশের দর্শক যে নাটক বোঝে তা এই নাটকটি করলেই বুঝতে পারি। প্রথম শো-তে আমার মনে আছে, নাটকটি শুরুর কিছুক্ষণ পরই দর্শক চিৎকার করে বলতে থাকে-এরশাদ! এরশাদ!

সত্যি বলতে কি, আমরা যখন নাটকটি মঞ্চস্থ করি তখনকার এরশাদের স্বৈরাচারী সরকার অনেক কম প্রতিক্রিয়া দেখিয়েছে।

এ পর্যন্ত প্রায় ৪৪টা শো করেছি আমরা নাটকটির। শুরু থেকে এরশাদের স্বৈরাচার পতন আন্দোলনের সময়টা পর্যন্ত আমরা প্রায় দশ থেকে পনেরটা শো করেছি নাটকটির। এখনও নাটকটি দারুণভাবে প্রাসঙ্গিক।

তবে আমরা কিছুটা পরিবর্তন এনেছি পুরো নাটকে। প্রথমদিকের নির্দেশনা পদ্ধতিটি ছিলো একটু সিরিয়াস। এখন আমরা কিছুটা স্যাটায়ার এনেছি, মিউজিক্যাল কমেডি এনেছি।

আগে নাটকে রাজার চরিত্র পরতো সাফারি স্যুট। এখন রাজার পোশাক শেরওয়ানী। পুরো নাটকটিকেই আমরা একটি সর্বজনীন ও যুগোত্তীর্ণ করার চেষ্টা করেছি।

নান্দনিক নাট্যসম্প্রদায় আমাদের হাত দিয়েই তৈরি হয়েছে। ৪০ বছর ধরে আমরা প্রায় ১৭টি প্রযোজনা এনেছি। তার মধ্যে অন্যতম হলো এই ‘নৃপতি’। নাটকটিতে প্রথমদিকে আমি রাজার চরিত্রটিতে অভিনয় করিনি। এখন রাজার চরিত্রে অভিনয় করছি।

নান্দনিক সবসময়ই সংখ্যার চেয়ে গুণগত মানের ব্যাপারে সচেতন। আমাদের সর্বসাম্প্রতিক প্রযোজনা ‘সম্রাট বাহাদুর শাহ’র জন্য আমরা পাঁচবছর প্রস্তুতি নিয়েছি। এর আগের নাটকটিও পাঁচবছর সময় লেগেছে।

আমরা সংলাপ-প্রধান নাটকে বিশ্বাস করি। আমরা কোরিওগ্রাফি নির্ভর নাটক করি না। যেহেতু সংলাপ নির্ভর নাটক করি আমরা উচ্চারণের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকি। এটাই নান্দনিকের অন্যতম বৈশিষ্ট।

শেষ কথায় আবার ‘নৃপতি’তে ফিরে আসি, সেই সময় ‘নৃপতি’ যতোটা না প্রাসঙ্গিক ছিল আমার কাছে মনে হয় এখন নাটকটি আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে। হুমায়ূন আহমেদও এভাবেই তার সৃষ্টির মধ্য দিয়ে প্রাসঙ্গিক থেকে গেলেন।