অনন্ত-বর্ষার কোলে নতুন অতিথি
দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা-মা হলেন তারকা জুটি অনন্ত জলিল-বর্ষা। সন্তানের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল।
বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করলেন অনন্ত জলিলের ব্যক্তিগত সহকারি কায়সার আহমেদ বাবু।
২৩ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাদের পুত্রের জন্ম হয়।
বাবু গ্লিটজকে বললেন, “পারিবারিকভাবে আকিকা দিয়ে সন্তানের নাম রাখা হয়েছে। এসময় পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে দুটি এতিমখানায় শিশুদের জন্য মাংস পাঠানো হয়েছে।”
রোববার দুপুরে পুত্রের ছবি ফেইসবুক পেইজে পোস্ট করেন অনন্ত জলিল ও বর্ষা।
অনন্ত জলিল লিখেছেন, ‘আমি অনেক আনন্দিত। তাদের (সন্তানদের) সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। সবাই দোয়া করবেন।’
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় হাজির হয়েছিলেন বর্ষা। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালবাসা’র মতো চলচ্চিত্রে দেখা গেছে এ জুটিকে।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন তারা। ২০১৪ সালের ২৩ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান আরিজ। আরিজের বয়স এখন তিন। দু’জন মিলে মনসুন ফিল্মস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের দেখভাল করেন।
