সিয়াম-তিশার অভিনয়ে চন্দন-সিঁথির ‘আঙুল ছুঁয়েছে’
প্রকাশিত হলো চন্দন সিনহা ও সিঁথি সাহার দ্বৈত গান ‘আঙুল ছুঁয়েছে’। গানটিতে মডেল হয়েছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম ও তানজিন তিশা।
জনপ্রিয় গীতিকার কবির বকুলের কথায় সিঁথি সাহার সুরে প্রকাশিত হলো নতুন গান ‘আঙুল ছুঁয়েছে’। চন্দন সিনহা ও সিঁথি সাহার দ্বৈত কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী ও সৌমাল্য।
গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন সিয়াম আহমেদ এবং তানজিন তিশা। গানের ভিডিওতে আশির দশকের সাজে হাজির হয়েছেন এ জুটি।
১২ নভেম্বর সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় গানটি। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় গানটির জন্য দুই শিল্পীকে শুভকামনা জানিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী-ভারতের বাপ্পী লাহিড়ী, অনুপম রায়, মাধুশ্রী, সন্দীপ নাথ, পাকিস্তানের সাফকাত আমানাত আলী, বাংলাদেশের তাহসান, চিরকুট ব্যান্ডের সুমি, ইমরান এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
অনুষ্ঠানে গানটি প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, “গানটির কথা-সুর আমার খুব ভালো লেগেছে। অনেক যত্ন নিয়ে এবং হৃদয় থেকে গেয়েছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।”
সিঁথি সাহা বলেন, “গান গাইলেও আমি সুরও করতে পারি। এই গানটির সুর করে নিজেরই ভালো লেগে যায়। এরপর যাদের শুনিয়েছি, সবাই ইতিবাচক রেসপন্স করেছেন। গানটির ভিডিও প্রকাশ করতে পেরে আমি আনন্দিত! আশাকরি সবার পছন্দ হবে।”
অনুষ্ঠানে দুই শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকার কবির বকুল, মডেল তানজিন তিশা, নির্মাতা তানিম রহমান অংশু, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল প্রমুখ।
এ সময়, শিল্পীদের শুভকামনা জানাতে আসেন সংগীতশিল্পী তপন চৌধুরী, উপস্থাপক আনজাম মাসুদ এবং সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জ ই মানুম, মুন্নী সাহা, প্রভাষ আমিন প্রমুখ।
