২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে ফের বাতিঘরের ‘ঊর্ণাজাল’

নাট্যদল বাতিঘর-এর আলোচিত নাটক ‘ঊর্ণাজাল’ ফের মঞ্চস্থ হতে যাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 07:33 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

১৬তম মঞ্চায়নের লক্ষ্যে ১৩ নভেম্বর ফের মঞ্চে আসছে বাতিঘরের ‘ঊর্ণাজাল’। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার হলে মঞ্চস্থ হবে নাটকটি। ‘ঊর্ণাজাল’ রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

এ প্রসঙ্গে বাতিঘর প্রধান মুক্তনীল বলেন, “ ‘ঊর্ণাজাল’-এর এটি ১৬ তম মঞ্চায়ন। গত ৪ বছরে আমরা ছোট্ট দল হিসেবে একটি উৎসব করেছি এবং ২টি মঞ্চনাটকের প্রদর্শনী করেছি। একটি ‘ঊর্নাজাল’ আর অপরটি রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে ‘অলিখিত উপখ্যান’। দুটি প্রযোজনাই সবার কাছে ভাল লেগেছে।

আমরা আমাদের এই প্রযোজনায় এবার নতুন স্লোগান নিয়ে অগ্রসর হতে চাই-‘রুখে দাও সকল সাম্প্রদায়িকতা’। এটাই হোক এই সময়ের ভাষ্য।”

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফিরে আসে খালেদ। স্কুলের জন্য রেখে যাওয়া পিতার একখণ্ড জমিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সে।

খালেদের বন্ধু সাইফুল সাঁইজির আখড়ায় বেড়ে উঠতে উঠতে একসময় গায়েন হয়ে যায়। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে।

অন্যদিকে চক্ষুদান করে যাওয়া জয়নাল গায়কের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিহ্বা কেটে নেয় সমাজপতিরা। গায়কের কবরে গোখরো সাপ দেখে ভীত হয় গ্রামবাসী।

এই সুযোগে ধর্মীয় মতবাদে কৌশলে ঢুকে পড়ে অপকৌশল ও কূটনীতি। কাফের মুরতাদ হত্যার প্রশিক্ষণ চলতে থাকে দূরের জঙ্গলে জঙ্গি ক্যাম্পে। সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে গিয়ে হতাহতের দৃশ্যে বিহ্বল মুজাহিদের মৃত্যু হয় পিন পয়েন্ট খোলা নিজের হাতের অন্য গ্রেনেডে। গোপনে বাঁশঝাড়ে দাফন হয় লাশটির।

মধ্যরাতে শহিদের লাশ খায় একদল শিয়াল। মুরতাদের চোখ নিয়ে বেঁচে থাকা মুজাহিদ বিভ্রান্ত হয় জিহাদি কর্মে। আমির কৌশলে তার চোখ দুটো উপড়ে ফেলে। তৃতীয় নয়ন উন্মোচিত হয় মুজাহিদের। এভাবেই এগিয়ে যায় ঊর্ণাজাল নাটকের কাহিনি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সাদিয়া ইউসুফ বৃতা, ফিরোজ মুনীর, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, স্মরণ বিশ্বাস, ফয়সাল মাহমুদ, তন্ময়, রুম্মান সারু প্রমুখ।