নতুন গানে আইটেম গার্ল বেলী
নতুন গানে চমক নিয়ে এলেন পাওয়ার ভয়েজখ্যাত তরুণ সংগীতশিল্পী বেলী আফরোজ ।
জনপ্রিয় গীতিকার কবির বকুলের কথায় শওকত আলী ইমনের সুর ও সংগীতায়োজনে নতুন গান নিয়ে এলেন বেলী আফরোজ। ‘হায়রে হায়রে মন জ্বলে হায়রে/ কি জ্বালা হায়রে বন্ধু কোথায়’ এমন কথার আইটেম ঘরনার গানটির ভিডিও নির্মাণ করেছেন তানজিল আলম। গানটিতে নিজের গানে মডেল হয়েছেন বেলী নিজেই।
গানটির ভিডিওতে বেলীকে দর্শক দেখতে পাবেন নতুন আইটেম গার্ল হিসেবে। ড্যান্সের তালে তালে মাতবেন দর্শক। এই ড্যান্সে বেলীর সাথে সহ-শিল্পী হিসেবে কাজ করেছেন ঈগল ড্যান্স গ্রুপের প্রায় অর্ধশতাধিক সদস্য। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সুমন রহমান।
গানটি প্রসঙ্গে বেলী বলেন,“ ‘হায়রে হায়রে’ একটি আইটেম ঘরনার সিনেমাটিক গান। আর গানটির সঙ্গে যুক্ত সবাই ফিল্মের গানের অভিজ্ঞ মানুষ। গানটি দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার সার্থকতা। কেননা, দর্শক-শ্রোতার ভালোলাগা আর ভালোবাসাই তো কাজের স্পৃহা বাড়ানোর মূল রসদ।”
২০১২ সালে চ্যানেল নাইনের সংগীত রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের মাধ্যমে পরিচিতি পাওয়া বেলী আফরোজ ব্যস্ত রয়েছেন প্লেব্যাকে। এরইমধ্যে শতাধিক প্লেব্যাকের অভিজ্ঞতা জড়িয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে। গাইছেন টিভি চ্যানেল ও স্টেজ শো’তেও।
‘হায়রে হায়রে’ গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির ভিডিও পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
