২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌন হয়রানির আশঙ্কায় প্রায় ১০টি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা’

ক্যারিয়ারের শুরুর দিকে অনৈতিক প্রস্তাবের কারণে বেশ কিছু বড় সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন তার মা মধু চোপড়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:52 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

মাত্র ১৭ বছর বয়সে মিডিয়ায় প্রবেশ করা প্রিয়াঙ্কার জন্য সময়টা মোটেও সহজ ছিল না। আর দশটা সাধারণ মেয়ের মতোই পরিশ্রম ও মেধার জোরে বলিউডে নিজের জায়গা করে নিতে হয়েছে তাকে।

ক্যারিয়ারের শুরুতে বলিউড পরিচালক ও প্রযোজকের লালসার শিকার হতে হয়েছে সাবেক বিশ্বসুন্দরীকে। সাক্ষাৎকারে সে দুঃসহ অভিজ্ঞতার কথা বললেন তার মা মধু চোপড়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, “প্রিয়াঙ্কা যখন কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে দেখা করতে যেত, আমি সব সময় ওর সঙ্গে থাকতাম।

একবার এক পরিচালক ওকে বলেছিলো, তোমার মাকে বাইরে যেতে বলো, আমি তোমাকে চিত্রনাট্যটা বুঝিয়ে দেব।

উত্তরে প্রিয়াঙ্কা বলেছিল, যে গল্প আমার মায়ের সামনে বলা যাবে না, সেই সিনেমায় আমি অভিনয় করব না। এটা ছিল একটি নামকরা হাউজের বড় বাজেটের সিনেমা।”

তিনি আরও বলেন, “যৌন হয়রানির আশঙ্কায় এ যাবৎ প্রায় ১০টির মতো বড় বড় কাজ ফিরিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা। পরিচালকের অনৈতিক প্রস্তাবের কাছে মাথা নিচু করেনি। তাতে করে হয়ত বড় কিছু কাজ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই ওর।”

নবাগত অভিনেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেকে শক্ত রাখো, যৌন হয়রানিকে ‘না’ বলো। এতে করে সাময়িকভাবে অনেক কষ্ট পোহাতে হবে, কিন্ত ভবিষ্যতে এর সুফল পাবে।”

বলিউডের মতো হলিউডে প্রতিষ্ঠা পেতে পিসি’কে এমন অভিজ্ঞতার সামনে পড়তে হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্যে, “হলিউডে প্রিয়াঙ্কাকে সবাই শ্রদ্ধা করে। এখনও এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি ওকে।”

এ মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে আছে ‘আ কিড লাইক জেইক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক?’ নামের দুটি হলিউড সিনেমা।