২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায়ণের গীতি আলেখ্য ‘আমাদের রবীন্দ্রনাথ’

গীতি আলেখ্য ছাড়াও আবৃত্তি ও গানের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 07:26 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল (১১ নভেম্বর) ‘আমাদের রবীন্দ্রনাথ’ শীর্ষক গীতি আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরায়ণ’।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এবারের গীতি আলেখ্য গ্রন্থনা করেছেন সোহেল আনোয়ার, যন্ত্রানুসঙ্গ পরিচালনা করবেন সুব্রত মুখোপাধ্যায় ও শিল্প নিদের্শনায় রয়েছেন নাসিরুল হক খোকন।

পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করছেন রবীন্দ্র সংগীতশিল্পী লিলি ইসলাম।

উত্তরায়ণের পরিচালক-কণ্ঠশিল্পী লিলি ইসলাম এ প্রসঙ্গে বলেন, “এটি উত্তরায়ণের সপ্তম আয়োজন। প্রতি বছর রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। এবারের আয়োজনটিও ব্যতিক্রম। ‘আমাদের রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানটিতে দর্শক-শ্রোতাদের সামনে কবিগুরুর সব বিষয় তুলে ধরা হবে। আবৃত্তি, গানও থাকছে।”

তিনি আরও বলেন, “অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে প্রতিবছর এই আয়োজন করি। রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এ প্রজন্মের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।”

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সাউথইস্ট ব্যাংক ও গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স।