২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেসিক আলী’ মনঃপুত হলোনা শুভ’র

‘বেসিক আলী’ নামে এক চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয়ের কথা ছিল চিত্রনায়ক আরিফিন শুভ’র। তিনি বললেন, ছবিটি করছেন না।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

এ সিদ্ধান্তের কারণ?

শুভ বললেন, “ডিসেম্বরের দিকে ছবির শুটিং করার কথা ছিল। শুরুর দিন যে স্টোরিটা আমাকে শোনানো হয়েছিল সেটা খুব বেশি গোছানো ছিল না। পরে আবার যখন শুনলাম, সেটিও খুব একটা গোছানো মনে হয়নি আমার কাছে। গল্পটা মনঃপুত না হওয়ার কারণে আগে ভাগেই ছেড়ে দিলাম।”

অনেকে প্রশ্ন তুলছেন কলকাতার নির্মাতা অরিন্দম শীলের চলচ্চিত্রে অভিনয়ের কারণেই দেশীয় সিনেমাটি ছাড়লেন। ফেইসবুক লাইভে সে প্রশ্নেরও জবাব দিয়েছেন শুভ।

বললেন, “বেসিক আলী’র ডেট ডিসেম্বরে ছিল। পরে জানুয়ারি গড়িয়ে ফেব্রুয়ারিতে যাচ্ছিল কাজটা। অথচ অরিন্দম শীলের সিনেমার গল্পটাই শুনিনি এখনও। উনার সঙ্গে মাত্র একটা মিটিং হয়েছে। ফাইনাল স্ক্রিপ্ট দেখার পর সিদ্ধান্ত নেব। অন্যদিকে ‘বেসিক আলী’ জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুটিং শেষ হয়ে যাওয়ার কথা।”

জনপ্রিয় কমিক সিরিজ ‘বেসিক আলী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের ঘোষনা দেয় স্বপ্ন স্কেয়ার ক্রো’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান।