অমিতাভের বিজ্ঞাপনে নাবিলা
নির্মাতা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন নাবিলা। ‘মার্চ মাসে শুটিং’ নামে আরেকটি নাটকেও অমিতাভ’র নির্দেশনায় কাজ করেছেন নাবিলা। এবারই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলেন তারা।
একটি মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনটি নির্দেশনা দিচ্ছেন অভিতাভ রেজা। এতে নাবিলার সঙ্গে আছেন অভিনেতা আল মনসুর। রাজধানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনের দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই প্রচারে আসছে বিজ্ঞাপনটি।
গ্লিটজকে কাজের অভিজ্ঞতা জানালেন এর নির্মাতা, “নাবিলাকে নিয়ে এবারই প্রথম কোনো বিজ্ঞাপন করলাম। নতুন অভিজ্ঞতা। আর আল মনসুরকে নিয়ে তো বলার কিছু নেই। উনি মোস্ট এক্সপেরিয়েন্স শিল্পী। আশা করছি কাজটি ভালো লাগবে সবার।”
নির্মাতা অভিতাভ রেজা ‘রিকশা গার্ল’ নামে নতুন আরেক চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে বলে জানালেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’-এর ছায়া অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।
ছবি: অমিতাভ রেজার ফেইসবুক থেকে নেওয়া।
