বিয়ে করলেন আমব্রিন
বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা আমব্রিন।
বিপিএল উপস্থাপনা দিয়ে আলোচনায় আসা লাক্স তারকা আমব্রিন হঠাৎই দিলেন বিয়ের খবর। সঙ্গে জানালেন, বিয়ের কারণেই এবারের বিপিএল উপস্থাপনায় দেখা যাবে না তাকে। গত শনিবার (৪ নভেম্বর) কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন।
পেশায় কানাডার একটি প্রতিষ্ঠানের প্রোপার্টি ম্যানেজমেন্ট ম্যানেজার তৌসিফ । তিনি পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করেন। বর্তমানে স্বামীর সঙ্গে কানাডাতে রয়েছেন আমব্রিন।
মঙ্গলবার গ্লিটজকে আমব্রিন বলেন, “ছয় মাস আগে বাংলাদেশে থাকাকালীন তৌসিফের সঙ্গে পরিচয় হয়, এরপর ফেইসবুকে ও মুঠোফোনে নিয়মিত যোগাযোগ হতো। সেখান থেকেই প্রেম। তারই পরিণতি এই বিয়ে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আমাদের।”
আমব্রিন আরও বলেন, “অনেকেই আমাকে বলেছেন, বিপিএলের নতুন মৌসুমে তারা আমাকে মিস করছেন। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। যেহেতু আমি বিয়ে করেছি সেকারণেই আমি যথাসময়ে দেশে থাকতে পারছি না। কাজের চেয়ে আমাকে নতুন জীবন ও ভালোবাসাকেই প্রধান্য দিতে হয়েছে। ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। পাশাপাশি এবারের বিপিএল আসরে যারা উপস্থাপনায় থাকছেন তাদের প্রতি শুভকামনা রইলো। ”
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন আমব্রিন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায় জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
