শিল্পকলায় তানভীর মোকাম্মেলের ‘সীমান্তরেখা’
দেশভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’। অবশেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে তার এ নির্মাণ।
অর্থায়নের সংকট পেরিয়ে মুক্তির আলোয় আসছে ‘সীমান্তরেখা’। কিনো-আই ফিল্মস প্রযোজিত তানভীর মোকাম্মেলের এ প্রামাণ্যচিত্রটি গণ-অর্থায়নের মাধ্যমে নির্মিত হয়েছে।
গত ২৫ অক্টোবর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো হয়। এবার সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী ৭ ও ৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে ‘সীমান্তরেখা’।
আগ্রহী দর্শনার্থীরা বিকাল ৩টায়, সাড়ে ৫টায় ও রাত ৮টায় প্রামাণ্যচিত্রটি উপভোগ করতে পারবেন।
প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে তানভীর মোকাম্মেল গ্লিটজকে বলেন, “১৯৪৭-এর বাংলা ভাগ কি সত্যিই অপরিহার্য ছিল? অন্য বিকল্প কি কিছু ছিল না? বাংলা ভাগ করে বাঙালি জাতির লাভ হয়েছে না ক্ষতি? দেশ ভাগের সত্তর বছর পর আজ হয়তো এসব প্রশ্ন তোলার সময় এসেছে। এসব বিষয় নিয়েই আমি ‘সীমান্তরেখা’-নামে দুই ঘন্টার এ গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রটি তৈরি করেছি।”
তিনি আরও বলেন, “মূলত সাতচল্লিশের দেশভাগের পর ভারত থেকে যেসব মুসলমান পরিবার বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) এসেছিলেন এবং পূর্ববঙ্গ থেকে যেসব হিন্দু পরিবার ভারতে গিয়েছিলেন এরকম কিছু পরিবার, বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বসবাসকারী উদ্বাস্তু পরিবারের সদস্যরা, ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবি- যারা দেশভাগ নিয়ে লিখেছেন বা গবেষণা করেছেন, তারা এই প্রামাণ্যচিত্রটিতে রয়েছেন।”
বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, বেনাপোল ও ভারতের কলকাতা শহর, বনগাঁসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল, উদ্বাস্তু শিবিরগুলি, আসাম, ত্রিপুরা, দন্ডকারণ্য, নৈনিতাল ও আন্দামানে চিত্রায়িত হয়েছে ‘সীমান্তরেখা’।
