আইসিইউতে অভিনেত্রী মালতী দে
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন অভিনেত্রী ও প্রযোজক মালতী দে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিক জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পুত্র নির্মাতা উত্তম আকাশ।
সোমবার সন্ধ্যায় তিনি গ্লিটজকে বললেন, “উনি বেশ কিছুদিন বারডেমে ভর্তি ছিলেন। মাঝখানে খানিকটা সুস্থ হওয়ায় বাসায় ফিরেছেন। কিন্তু শুক্রবার হঠাৎ করে ওয়াশরুমে পড়ে যান। ব্রেইন স্ট্রোক হয়েছে। মাথায় প্রচুর রক্তক্ষরণ ঘটেছে। এখনও উনার অবস্থার কোনো উন্নতি হয়নি। সবার কাছে মা’র জন্য দোয়া চাই।”
নিউরোলজিস্ট কনক বড়ুয়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
অভিনয়, গান ও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন খ্যাতিমান নির্মাতা জহির রায়হান, খান আতাউর রহমান প্রমুখের সঙ্গে । ঋত্বিক ঘটকের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘ঘাত-প্রতিঘাত’, ‘সংঘাত’, ‘আখেরি হামলা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
