২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অক্টোবর বিপ্লব’ নিয়ে বিশেষ প্রামান্যচিত্র

প্রায় একশ’ বছর আগে ১৯১৭ সালে রাশিয়ায় সংগঠিত হয়েছিল অক্টোবর বিপ্লব। ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য এই রাজনৈতিক ঘটনা নিয়ে ব্রাত্য আমিন নির্মাণ করলেন প্রমাণ্যচিত্র ‘অক্টোবর বিপ্লব’ ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 07:50 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

‘অক্টোবর বিপ্লব’ থেকে ১৯১৭ সালের ২৫ অক্টোবর জন্ম হয় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এ বিপ্লবের প্রধান চালিকাশক্তি ছিল শ্রমিক ও কৃষক শ্রেণি। এ বিজয় রাশিয়াকে রাজনৈতিক অর্থে প্রাগ্রসর দেশে পরিণত করেছিল।

সারা বিশ্বের পাশাপাশি নতুন বর্ষপঞ্জী অনুসারে ৭ নভেম্বর এ দিবসটি পালন করছে বাংলাদেশও। এ উপলক্ষে দীপ্ত টেলিভিশন প্রচার করছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘অক্টোবর বিপ্লব’। এটি নির্মাণ করেছেন ব্রাত্য আমিন।

প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে তিনি গ্লিটজকে বলেন, “কী ঘটেছিল আসলে? ৩০০ বছরের রোমানভ বংশের পতন হলো কেমন করে? ১৯১৭ সালে ক্ষমতায় কারা আসে? শেষ রুশ জারের মুকুট খসল কীভাবে? ১৯১৭ সালে কয়টা বিপ্লব হয়েছিল? বিশ্বে প্রথমবারের মতো কীভাবে এমন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা সম্ভব হলো? রুশ বিপ্লবের ফলে রাশিয়াসহ গোটা দুনিয়ায় মোটা দাগে তখন কী কী পরিবর্তন হয়েছিল? শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকল না কেন? আজকের দিনেও অক্টোবর বিপ্লবের তাৎপর্য কতটুকু? ‘অক্টোবর বিপ্লব’ প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছি।”

প্রামাণ্যচিত্রটিতে মন্তব্য রেখেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিকরাও। অধ্যাপক আনু মহম্মদ, সিরাজুল ইসলাম চৌধুরী, সামিনা লুৎফা, রাজনীতিক রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকী প্রমুখ আলোচনায় অংশ নেন।

দীপ্ত টিভিতে ৬ নভেম্বর রাত ১২টায় এবং ৭ নভেম্বর সকাল ৯টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি।