২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’

বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের অবলম্বনে নির্মিত সাতটি মঞ্চ নাটক নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 12:54 AM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শনিবার সন্ধ্যায় ইউনিভার্সেল থিয়েটারের আয়োজনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উৎসবের নাটকগুলোতে উদ্ভাসিত হবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট লালন ফকির, বিপ্লবী সূর্যসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও গৌতম বুদ্ধ।

ঢাকার নাট্য দল পালাকার, থিয়েটার, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি, লোকনাট্য দল, স্বাগতিক ইউনিভার্সেল থিয়েটার,  আরণ্যক এবং পশ্চিমবঙ্গের নাট্যদল কল্যাণী নাট্য ভাবনা নাটকগুলো মঞ্চায়ন করবে।

উৎসবের উদ্বোধনী আসরে ঢাকার দল পালাকার মঞ্চস্থ করে সৈয়দ শামসুল হকের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’।

থিয়েটারের নাটক ‘বারামখানা’, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরির ‘সূর্যসেন’, লোকনাট্য দলের ‘মুজিব মানেই মুক্তি’, ইউনিভার্সেল থিয়েটারের ‘মহাত্মা’, আরণ্যকের ‘এবং বিদ্যাসাগর’ মঞ্চায়নের কথা রয়েছে।

গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে নির্মিত ‘শ্রমণ’ নাটকটি ১০ নভেম্বর মঞ্চে আনবে ভারতের কল্যাণী নাট্যভাবনা। নিরূপ মিত্রের পরিচালনায় নাটকটির নির্দেশনা  দিয়েছেন তাপস চক্রবর্তী।

সমাপনী দিন শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘ইতিহাসের মহানায়কেরা’ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করবেন বিপ্লব বালা।

উৎসবের সবগুলো নাটকই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৬টায়।

‘শেলটেক পদক’ পেলেন তিনজন

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, চিত্রশিল্পী রফিকুন নবী এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতকে এ বছর সম্মাননা জানিয়েছে আবাসন প্রতিষ্ঠান শেলটেক।

শনিবার বিকালে রাজধানীর পান্থপথের শেলটেক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক ও দুই লাখ টাকার চেক তুলে দেন শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “দেশে শিক্ষার মান বাড়ছে না। সব কিছুর মূলে রয়েছে প্রকৃত জ্ঞান চর্চার অভাব। এখনকার প্রজন্ম ফেইসবুক আর এসএমএস নিয়ে পড়ে আছে। তাদের সময় নেই। বই না পড়লে সঠিক জ্ঞান চর্চা হবে কোথা থেকে? এজন্য বেশি করে বই পড়া উচিত।”

কথাশিল্পী হতে চেয়েছিলেন জানিয়ে এই অধ্যাপক বলেন, “আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। হয়েছি অধ্যাপক। শিক্ষকতা আর লেখালেখিকে সঙ্গী করে চলছি। অধ্যাপনা করতে গিয়ে একটা বিষয় দেখেছি, যে কোনো বিষয়ে বিশ্লেষণ করতে হয় গভীর। তবে এ বিশ্লেষণ সৃজনশীলতাকে মেরে ফেলে। আর এই কারণে জনপ্রিয়ধারা কথাশিল্পী হতে পারিনি। শিক্ষকতার সুবাদে লেখালেখি করতে ভালোবাসি, যদিও সেই অর্থে কথাশিল্পী হতে পারিনি।”

রফিকুন নবী বলেন, “১৯৭৮ সাল থেকে টোকাই কার্টুন স্ট্রিপ হিসেবে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়ে আসছিল। এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে অনেক বছর হল টোকাই কার্টুন আঁকি না। এখন ব্যস্ত চিত্রকর্ম নিয়ে।

“তবে টোকাই কার্টুন আঁকতে ইচ্ছে করে না তা নয়। ভবিষ্যতে হয়ত আবার টোকাই কার্টুন আঁকতে পারি। তবে সেটা নির্ভর করবে দেশের পরিবেশ-পরিস্থিতির উপর।”

আইনুন নিশাত বলেন, “দেশের মানুষ নানা সমস্যায় জর্জরিত। কিন্তু অনেক নীতি-নির্ধারক তা জানেন না বা জানলেও করণীয় কী তা জ্ঞাত নন। আমি সেই কাজটাই করি, দেশ ও জনগণের হয়ে এসব সমস্যা নীতি-নির্ধারক পর্যায়ে তুলে ধরি।

“আমি এসব সমস্যার মূলে পৌঁছে যাই। করণীয় কী হতে পারে সে বিষয়ে মতামত দেই আর এটাই হচ্ছে একজন দায়িত্বশীল নাগরিকের কাজ। আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে।”

শেলটেক পরিচালক তৌফিক এম সেরাজ বলেন, ১৯৯৮ সাল থেকে তারা এই পদক দিয়ে আসছেন।

“এ পদক লোক দেখানো কোনো আয়োজন নয়, প্রকৃত মানুষকে শ্রদ্ধা জানাতে এই পদক দিয়ে আসছি।”