বিয়ে করলেন তুষ্টি
দীর্ঘ আঠারো বছরের বন্ধুত্বকে বৈবাহিক সম্পর্কে রূপ দিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি। স্বামী সাজ্জাদুল ইসলাম ফামির সঙ্গে গতকাল (৩ নভেম্বর) আকদ সম্পন্ন হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন তুষ্টি।
ছিলো আঠারো বছরের বন্ধুত্ব। তুষ্টি জানতেন না ফামি যে ডুবে ডুবে জল খাচ্ছেন। যখন জানলেন তখন আর ডুবতে দিলেন না। গাটছড়া বাঁধলেন তার সঙ্গেই। “আঠারো বছর ধরেই আমরা একে অপরকে জানি। একটা অনুষ্ঠানে গিয়ে প্রথম ওর সঙ্গে পরিচয় হয়, তারপর বন্ধুত্ব। এভাবেই চলে আসছিলো। ও যে আমাকে ভেতরে ভেতরে পছন্দ করতো অনেক পরে জেনেছি। অবশেষে বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। গতকাল বাগদান অনুষ্ঠানে আমাদের আকদ্ও সম্পন্ন হয়েছে। মূল অনুষ্ঠান জাঁকজমকভাবে আসছে এপ্রিলে করবো বলে ভেবেছি।”
রাজধানীর একটি রেস্তোরাঁয় বর-কনে দু’পক্ষের স্বজনের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বর সাজ্জাদুল ইসলাম ফামি পেশাগত জীবনে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস-এর বিপণন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে ছোটপর্দায় নিজেকে ব্যস্ত রেখেছেন তুষ্টি। তার অভিনীত নতুন ধারাবাহিক ‘টিরিগিরি টক্কা’ প্রচার হচ্ছে দূরন্ত টিভিতে। বড়পর্দায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চলচ্চিত্র ‘হাছনরাজা’।
