২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাব্যে বৈচিত্র্যময় ফিলিপাইনের গল্প

প্রি-হিস্পানিক ফোক পিরিয়ড, স্প্যানিশ পিরিয়ড, আমেরিকান পিরিয়ড ও কনটেম্পরারি-ফিলিপাইনের কবিতার ইতিহাসের চার অধ্যায়ের গল্প নিয়ে শুক্রবার বিকালে ফিলিপাইন দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা পাঠের আসর ‘বাসাবালাক’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 12:17 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

ফিলিপাইন দূতাবাসের কবিতা পাঠের বৈকালিক আসরটি এই চার অধ্যায়ের কবিতা নিয়ে সাজানো হয়। শত ভাষার দেশ ফিলিপাইনের নানা জাতির নানা ভাষার গল্প উঠে এসেছে এই আসরে।

জীবনবৈচিত্র্যের পাশাপাশি কবিতাগুলোতে উঠে আসে ফিলিপাইনের সাহিত্য চর্চার ক্রমবিকাশের কথা। 

আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বান্দিলো।

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে ‘সাদৃশ্য বিরাজমান’ মন্তব্য করে আসাদুজ্জামান নূর বলেন, “ফিলিপাইনের শতাধিক ভাষা যেমন দেশটির সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন করেছে, তেমনি বাংলাদেশের হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে করেছে বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ।”

সংস্কৃতিমন্ত্রী জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কবিতা উৎসবে ফিলিপিনো কবিদের আমন্ত্রণ জানানো হবে।

ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বান্দিলো জানান, ‘বাসাবালক’ অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিপাইনের কবিতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেওয়া।

একইসঙ্গে ফিলিপাইনের বৈচিত্র্যপূর্ণ সাহিত্য, সংস্কৃতির উন্নয়ন ও প্রসার এবং বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদের মাধ্যমে ফিলিপাইনের কবিদের সৃজনশীলতা সারা পৃথিবীতে বিস্তৃত করা।

তিনি বলেন, “কখনো ইংরেজি, কখনো আইরিশ, কখনো আবার স্প্যানিশ ভাষার প্রভাবে ফিলিপাইনের কবিতায় এসেছে নানা বাঁকবদল। বিশ্ব সাহিত্যের ধারায় প্রভাবান্বিত হলেও ফিলিপাইনের কবিতাগুলো কিন্তু কখনো তাদের মূলধারা থেকে বিচ্যুত হয়নি।

“ফিলিপাইনের ঐতিহ্যের কথা তুলে ধরার পাশাপাশি আমাদের কবিরা এখন বিশ্বব্যাপী সহিংসতার বিরুদ্ধেও কলম ধরেছেন। কবিতায় পংক্তিতে তারা প্রতিবাদ জানিয়েছেন অমানবিক, ঘৃণিত সব কর্মকাণ্ডের।”

ফিলিপিনো, ট্যাগালগ, ইংরেজি, স্প্যানিশ, ইলকানো, সিবানো ভাষার কবিতা নিয়ে সাজানো হয় কবিতা পাঠের আসর। ছিল বাংলার ভাষার কবিতা ‘ক্রমশ’।

অনুষ্ঠানের শুরুতে ভিসেন্তে ভিভেনসিও টি বান্দিলো ও আলমা মারিয়া বান্দিলো পাঠ করেন ‘সাগবোয়ানং গ্যারে’ কবিতাটি। তারপর ‘কাম কন দায়োস’ পাঠ করেন ম্যারি মানিমতিম।

ফিলিপাইনের দূতাবাসের থার্ড সেক্রেটারি ও ভাইস কনস্যুলার এলভিআই ডি গুজমান পাঠ করেন ‘মি আলতিমো আদোইস’ কবিতাটি। রোজালিন্দা কাবোনতোকান পাঠ করেন কবিতা ‘নালপে এ নামানামা’। শ্রিয়া রব মজুমদার পড়েন বাংলা ভাষার কবিতা ‘গ্রাজুয়াল’।

তারুণ্য, প্রেম, বিরহ-শোক, কখনো আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলা হয়েছে কবিতাগুলোতে। ছোট্ট একটি মেয়ের ভাষ্যে উঠে আসে বাবার প্রতি তার অপত্য ভালোবাসার কথা। ক্ষণজন্মা জীবনের নানা বাঁকবদলের কথা যেমন এসেছে কবিতায়, তেমনি এসেছে কর্মব্যস্ত জীবনের নানা অধ্যায়ের কথা। আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি কবিতায় উঠে আসে একাকীত্বের বেদনাবোধ আর  মৃত্যুর কথাও। 

‘মাই কান্ট্রি’ শিরোনামের একটি কবিতায় উঠে আসে ফুল-ফল-জলে সমৃদ্ধ ফিলিপাইনের কথা।

আসরে অন্যদের মধ্যে কবিতা পাঠ করেন অগাস্ট সিসন, চার্লস ভিলানুয়েভা, এরিক গার্সিয়া, ম্যানার্ড পি লুকাস, নোরমা এ লট-মামেইন্তে, জেকব লুমাং, জুয়ে আনে, এম লুসারিতো, জোয়ান কিউ হোসে, আবনের পালানকা, আরিয়ানা কারগানিলা এবং আনিসুজ্জামান।