২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋত্বিক স্মরণে পুরস্কৃত হচ্ছেন আসাদুজ্জামান নূর ও জয়া

বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় নাম ঋত্বিক ঘটক। আগামী কাল এ বিখ্যাত নির্মাতার ৯২তম জন্মদিন। জন্মদিনে তার নামে প্রবর্তিত ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন সাম্প্রতিক বাংলা চলচ্চিত্র ও মঞ্চে ভূমিকা রাখা চার গুণী ব্যক্তি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 06:00 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

এ বছর বাংলাদেশ থেকে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা, সংস্কৃতিমন্ত্রী আসাদু্জ্জামান নূর ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খবরটি গ্লিটজকে নিশ্চিত করেছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার।

তিনি বলেন, “সিনেমা ও থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের আসাদুজ্জামান নূর, জয়া আহসান, ভারতের ব্রাত্য বসু ও ভিকে জোসেফকে ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। আগামীকাল ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের ৯২তম জন্মদিনে স্মৃতিরক্ষার্থে তার পূর্বপুরুষের বাড়ি রাজশাহীতে গুণীজনদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।”

ঋত্বিক কুমার ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন, মারা যান ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি, কলকাতায় । ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘নাগরিক’,‘যুক্তি তক্কো আর গপ্পো’, ‘অযান্ত্রিক’ -এর মতো অসামান্য সৃষ্টিকর্মের সুবাদে বাংলা চলচ্চিত্রে তিনি অমর হয়ে আছেন।

তার সৃষ্টিকর্মে ফিরে ফিরে এসেছে বাংলা ভাগের পর বিচ্ছিন্ন হওয়া বাস্তুহারা মানুষের অসহনীয় কষ্টের দৃশ্য। দুই বাংলার সাধারণ বাঙালির জীবন সংগ্রাম তিনি অমর করেছেন সেলুলয়েডে।