জয়ের মুখোমুখি শাওন
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় আলোচিত অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়েছেন মেহের আফরোজ শাওন।
শুরুর পর থেকেই তারকাদের জীবনের নানা গোপন কথা ফাঁস করে আলোচনায় এসেছে অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় এর পরিকল্পনা, উপস্থাপনায় অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’।
বিভিন্ন অঙ্গনের দেশ সেরা সেলিব্রেটিদের নিয়ে খোলামেলা আলাপের এ আয়োজনে কোনো প্রকার জড়তা ছাড়াই সেলিব্রেটিরাও নির্দ্বিধায় বলে যান তাদের না বলা অনেক কথা।
এমনই না বলা অনেক কথার অনুষঙ্গ নিয়ে এবার অনুষ্ঠানটিতে হাজির হয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে ফেইসবুক লাইভে শাওন অনুষ্ঠানটি নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, “ ‘সেন্স অব হিউমার’-এর যিনি উপস্থাপক তিনি চেষ্টা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলতে। বিপদে ফেলেও দেন কিছুটা। যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেওয়া যায় না। অনেক রূঢ় সত্য সব সময় বলা যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি।”
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। ৪ নভেম্বর এটিএন বাংলায় রাত ১১টায় সেলিব্রেটি শো ‘সেন্স অব হিউমার’-এ প্রচারিত হবে অতিথি শাওনের পর্বটি।
অনুষ্ঠানটি সম্পর্কে শাওনের প্রতিক্রিয়া
