২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাসের দেশ’-এ নৃত্যনাট্য উৎসব শুরু

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য ‘তাসের দেশ’ মঞ্চায়নের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে শুরু হল সৃষ্টি-মীনা বাজার নৃত্যনাট্য উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 01:05 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে সৃষ্টি কালচারাল সেন্টার।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বুধবার এই উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক আনিসুল ইসলাম হিরু।

বক্তব্যের আগে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় ‘তাসের দেশ’, পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। তার নৃত্য পরিচালনায় রবীন্দ্র-নাচের পাশাপাশি যুক্ত হয়েছে পুরুলিয়ার ছৌনাচ, মণিপুরি এবং পাশ্চাত্যের সমসাময়িক নৃত্য আঙ্গিক।

তাসের দেশের কাহিনীতে, রোমাঞ্চপ্রিয় রাজকুমারের মনে সাধ জাগে ভ্রমণের। সঙ্গী বলতে একজন, যাত্রা হয় শুরু অজানার উদ্দেশ্যে। নানা পথ পেরিয়ে রাজকুমার সঙ্গী নিয়ে হাজির হন তাসের দেশে। যেখানকার তাসের রয়েছে প্রাণ, মুখে রয়েছে ভাষা। তবে নিয়মের দারুণ অনুসারী তারা। এই নিয়মে চির ধরায় রাজকুমার। তাসের রাজ্যে ছড়িয়ে দেয় নতুন সুর। রাজা নাখোশ হলেও, নিয়ম ভাঙ্গার এ সুরে অন্য প্রজাদের সঙ্গে গা ভাসায় রাজ্যের রানী। এভাবেই ভেঙ্গে পড়ে তাসের রাজ্যের নিয়ম মানার রীতি। এই নৃত্যনাট্যের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুপঙ্কর বাগচী, শায়ান চৌধুরী, আনুশেহ আনাদিল ও লোপামুদ্রা মিত্র। নৃত্য পরিবেশনায় অংশ নেন সাব্বির আহমেদ খান বিজু, অমিত চৌধুরী, ওয়ার্দা রিহাব, শাম্মী আখতার, এম আর ওয়াসিফ, লুবনা মরিয়ম প্রমুখ।

আগামী ৪ নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমিতে চলবে এই আয়োজন। বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে থাকছে রাধা-কৃষ্ণের প্রেম উপাখ্যান নিয়ে শেখ হাফিজুর রহমান রচিত ‘রাই কৃষ্ণ পদাবলী’। নৃত্যনাট্যটি পরিবেশন করবে নৃত্যাঞ্চল।