২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবাশীষের নতুন চলচ্চিত্র ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’

আলোচিত চলচ্চিত্র ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ মুক্তির ১৬ বছর পর ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ নামে আরেক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা-উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ ছবিটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। ছবিতে জুটি বেঁধেছিলেন তৎকালীন আলোচিত জুটি রিয়াজ-শাবনূর।

নির্মাতা স্বীকারও করলেন, ছবিটির সাফল্যের পেছনে এ জুটির ভূমিকা রয়েছে। এবারও কী পুরানো জুটিকেই হাজির করছেন পর্দায়?

এ নির্মাতা গ্লিটজকে বললেন, “তারা থাকছেন না। দেশে তো এখন আর কোনো জুটি নেই। ছেলেকে (নায়ক) দেশের বাইরে থেকে নেব আর মেয়ে (নায়িকা) থাকবে দেশের। একেবারে নতুন জুটি নিয়ে আসব। প্রতিষ্ঠিত কোনো জুটি থাকবে না।”

নামের মিল থাকলেও ছবিটিকে সিক্যুয়েল মানতে নারাজ দেবাশীষ। বললেন, “শতভাগ কমেডি চলচ্চিত্র এটি। এই ধরনের সিনেমা নির্মাণ করতেই আমি স্বাচ্ছন্দবোধ করি। আর আগের সিনেমাটি আলোচিত ছিল। সেই দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ করছি।”

এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। শিল্পী নির্বাচনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে   ছবির শুটিং শুরু করতে চান নির্মাতা।

এর আগে ৮ অক্টোবর ‘চলো পালাই’ নামে নির্মাতার আরেকটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। আপাতত সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।