২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল থাকলে নিশ্চয় সমালোচনা করবেন: তৌকির

১ ডিসেম্বর থেকে দেশের অর্ধশতাধিক হলে ও ১৬ ডিসেম্বর থেকে বিশ্বের সতেরটি দেশে মুক্তি পাচ্ছে তৌকির আহমেদের চলচ্চিত্র ‘হালদা’। ছবিটি নিয়ে এ যাত্রায় দর্শকদের পাশে চেয়েছেন নির্মাতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 10:05 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

সোমবার সন্ধ্যায় ‘হালদা’ টিমের সঙ্গে ফেইসবুক লাইভে যোগ দেন তিনি। তার সঙ্গে ছিলেন ছবির অভিনেতা  জাহিদ হাসান, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, পরিবেশক সংস্থা দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি, সংগীতশিল্পী পিন্টু ঘোষ সহ আরো অনেকে।

এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ নির্মাণ করেছেন তৌকির আহমেদ। এটি তার পঞ্চম ছবি। আগের সিনেমাগুলো নিয়ে দর্শকদের অভিযোগ ছিল, যথাযথ প্রচারণার অভাবে ছবিগুলো দর্শকের কাছে পৌঁছায়নি। হলও পায়নি সেভাবে। তবে ‘হালদা’ নিয়ে এবার বেশ সচেতন এ অভিনেতা-নির্মাতা।

ফেইসবুক লাইভে বললেন, “আমার ছবি বেশি দর্শক দেখে না। খুব বেশি হল পায় না। এবার আগে থেকেই চেষ্টা করছি কী করে সিনেমাটি দর্শকদের দেখানো যায়। আরেকটু প্রচার করতে চাই।”

‘হালদা’ নিয়ে এ যাত্রায় দর্শকদের পাশে চান তিনি। দর্শকদের উদ্দেশ্যে বললেন, “এই প্রজেক্টে আমাদের পাশে থাকবেন। আমরা একটি শিল্প নির্মাণ করি সেটা আপনাদের দেখানোর জন্য। আপনাদের বিনোদনের জন্য, আপনাদের সমালোচনার জন্য। ভুল থাকলে নিশ্চয় সমালোচনা করবেন। ভুল ধরিয়ে দেবেন। দর্শক ছাড়া কোনো শিল্পই আসলে এগোতে পারে না।”

ছবির অভিনেতা জাহিদ হাসান লাইভে বলেন, “একটি ছবি করতে গিয়ে অনেক কাজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় রেজাল্ট ভালো আসে না। আমরা সততার সঙ্গে কাজটা করার চেষ্টা করেছি। আশা করি দর্শক আমাদের পাশে থাকবেন।”

ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে দ্য অভি কথাচিত্র। সংস্থাটির কর্ণধার জাহিদ হোসেন অভি বললেন, “নভেম্বর জুড়ে ছবির ক্যাম্পেইন চালাবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবো।”

প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যেই ‘নোনাজল’ শিরোনামে একটি গান ছাড়া হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সানজিদা মোহাম্মদ নন্দিতা। গানের কথা লিখেছেন পিন্টু ঘোষ ও তৌকির আহমেদ।