২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

সোমবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:16 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

ডিপজলের কন্যা ওলিজা মনোয়ারের বরাত দিয়ে গ্লিটজকে এ তথ্য দিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

তিনি বলেছেন, “অপারেশন সফল হয়েছে। ডিপজলের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ওপেন হার্ট সার্জারি হওয়ায় মাসখানেক তাকে সিঙ্গাপুরেই থাকতে হবে। আমরা চাই, উনি সুস্থ হয়ে দেশে ফিরুক।”

২০ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। সেদিনই সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একাধিক বড় ব্লক পাওয়া যায়।

ওলিজা রোববার ফেইসবুকে লিখেছেন, “হার্টে ব্লক ধরা পড়ার পর মাসখানেক বিশ্রামে ছিলেন বাবা। বিশ্রাম শেষে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।”

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান ডিপজল। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্র দেশের ১২৮টি সিনেমা হলে চলছে। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আরো অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম।