২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম-শবনমের ‘সহজ স্বীকারোক্তি’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম ও শবনম ফারিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 06:24 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

মাবরুর রশীদ বান্নাহ’র চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রিয়াদ তালুকদার। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হতে যাচ্ছে।

নাঈম ও শবনম। হেসে-খেলে দারুণ সুখে তারা সংসারজীবন কাটিয়েছেন গেল একটা বছর। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। স্বাভাবিক, দিনটিকে সেলিব্রেট করতে চায় দু’জনেই। কোনও সিদ্ধান্তে না পৌঁছেই দু’জনে বেরিয়ে পড়েন ঘুরতে। মুখোমুখি কিছুক্ষণ বসার জন্য বেছে নেন একটি নিরিবিলি স্থান।

একান্ত কিছুটা সময় পার করার পর নাঈম দুষ্টুমির ছলেই স্ত্রী শবনমকে বিয়েবার্ষিকী সেলিব্রেট করার জন্য একটি অভিনব খেলার আমন্ত্রণ জানান। নাঈমের ভাষায়, যে খেলার মাধ্যমে একে অপরকে আরও বেশি করে জানার সুযোগ হবে। নিজেদের সম্পর্কটা আরও স্বচ্ছ ও দৃঢ় হবে। শবনম প্রথমে এমন অদ্ভুত খেলায় আগ্রহ না দেখালেও স্বামীর আগ্রহে সায় দেন। শুরু হয় দু’জনার প্রশ্ন-উত্তর খেলা।

এক পর্যায়ে নাঈম প্রশ্ন করেন শবনমের পুরনো প্রেমের কথা। সরল মনে উত্তর দেন শবনম। স্বামীকে বলেন, তার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে সে সত্যিকারের ভালোবাসতো এবং সেই প্রথম পুরুষ যে তাকে ছুঁয়েছিল!

মূলত এখান থেকেই ঘুরে যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ স্বীকারোক্তি’র গল্পের প্রথম বাঁক। এগোতে থাকে দুটি মানুষের সাজানো সংসারের নানা টানাপড়েন।

গল্পটি প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, “গল্পটি খুব চেনা। যা বেশিরভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। যদিও এই চেনা গল্পগুলো নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ করা হয় না। কারণ বিষয়টি বেশ সেনসেটিভ। এর চিত্রনাট্য, নির্মাণ এবং গল্প- আমার বেশ লেগেছে।”

চলচ্চিত্রটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অন্তরা আজিম।