২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে আসছে ‘ভালো থেকো’

২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। ছবির প্রধান ‍দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-তানহা তাসনিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 06:03 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ছবির নায়ক-নায়িকা ফেইসবুক লাইভে ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন। এ সময় সিনেমার প্রযোজনার প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র’র কর্ণধার জাহিদ হাসান অভিও উপস্থিত ছিলেন।

ছবিটি নিয়ে আরিফিন শুভ বলেন, “ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে, পাশাপাশি পুরো ছবি জুড়ে দর্শকদের জন্য বিনোদনের সর্বোচ্চ উপাদানও রয়েছে। রাজু স্যারের নির্মাণ সম্পর্কে দর্শকরা ভালোভাবে অবগত। এই ছবিতেও তার নির্মাণের নান্দনিকতা দর্শক দেখতে পাবেন।”

তানহা তসনিয়া বলেন, “আমি খুব উচ্ছ্বসিত। কারণ গুণী নির্মাতা রাজু স্যারের পরিচালনায় কাজ করতে পেরেছি। পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ’র নায়িকা হয়েছি। আমার কাছে ছবির গল্প থেকে শুরু করে নির্মাণ শৈলী অসাধারণ লেগেছে। ছবিতে আমাকেও দর্শক নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।”

পরিচালক জাকির হোসেন রাজু বলেন, “সবসময় আমি চলচ্চিত্র নির্মাণ করি সাধারণ মানুষের জন্য। ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। আর সবচেয়ে বড় কথা ‘ভালো থেকো’ সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি, যা দর্শকের মনের মতো করে নির্মাণ করা হয়েছে।”

গত বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। এতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ এবং একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী। ‘ভালো থেকো’ শুটিং হয় বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। পাশাপাশি দুইটি গানের চিত্রায়ন করা হয়েছে নেপালে।