প্রকাশিত হল ‘হালদা’র দ্বিতীয় পোস্টার
অভিনেত্রী বিপাশা হায়াতের ডিজাইনে প্রকাশ হয়েছে নির্মাতা তৌকির আহমেদের চলচ্চিত্র ‘হালদা’র দ্বিতীয় পোস্টার। ছবিটির অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্টারটি রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) ছবির টিজার প্রকাশ করা হবে। সঙ্গে ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হবে বলে জানা গেছে নির্মাতা সূত্রে।
তৌকীর আহমেদ বললেন, “দেশের বাইরের উৎসবগুলোর কথা মাথায় রেখেই পোস্টারটি করা হয়েছে।এটি ছাড়াও একাধিক পোস্টার রাখার পরিকল্পনা আছে।”
সিনেমার গল্প সম্বন্ধে নির্মাতা জানিয়েছেন, হালদা নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও তীরবর্তী মানুষের জীবনযাত্রা উঠে এসেছে সিনেমায়।
আজাদ বুলবুলের গল্প থেকে ছবিটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা- মোশাররফ করিম, জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
ছবির পরিবেশক টাইগার মিডিয়া ও অভি কথাচিত্র।
