আব্বাসউদ্দীন স্মরণে সংগীত সন্ধ্যা
বিশিষ্ট সংগীত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ অক্টোবর আয়োজিত হয়েছে বিশেষ সংগীত সন্ধ্যা।
‘ওকি গাড়িয়াল ভাই’,‘তোরষা নদী উথাল পাতাল, কারবা চলে নাও’, কিংবা ‘প্রেম জানে না রসিক কালাচান’-এর মতো বিখ্যাত পল্লীগানের অমর শিল্পী আব্বাসউদ্দীন আহমদের জন্মদিন উপলক্ষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা।
এতে সংগীত পরিবেশন করবেন আব্বাসউদ্দীন আহমদের উত্তরপ্রজন্মের দুই শিল্পী। তারা হলেন আব্বাসউদ্দীন আহমদের পুত্র বিশিষ্ট সংগীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী ও নাতনি ড. নাশিদ কামাল।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে সংগীতানুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে আইজিসিসি।
শিল্পী আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাসউদ্দীনের পরিচিতি দেশজোড়া। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দুগান সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি।
রংপুর ও কুচবিহার অঞ্চলের ভাওয়াইয়া, ক্ষীরোল চটকা গেয়ে আব্বাসউদ্দীন প্রথমে সুনাম অর্জন করেন। তারপর জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মর্সিয়া, পালা গান ইত্যাদি গেয়ে জনপ্রিয় হন। তিনি দরদভরা সুরেলা কণ্ঠে পল্লি গানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও অদ্বিতীয়। কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, গোলাম মোস্তফা প্রমুখের ইসলামি ভাবধারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর তার প্রয়াণ ঘটে।
