২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানি পদ্মিণী যেন আমার উপর ভর করেছিল: দীপিকা

চলতি বছরের বহুল প্রতিক্ষিত বলিউড সিনেমা ‘পদ্মাবতী’। সম্প্রতি প্রকাশিত এ ছবির প্রথম গান ‘ঘুমর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:39 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত, দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ মুক্তির আগে থেকেই রয়েছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি প্রকাশিত এ ছবির নতুন গান ‘ঘুমর’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুক্তির ২৪ ঘন্টা পার না হতেই ১ কোটি বারের বেশি দেখা হয়েছে গানটি। এ গানে রাজস্থানের ঐহিত্যবাহী ‘ঘুমর’ নাচে রানি পদ্মিণীর বেশে দীপিকাকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সিনেমার শুটিং শুরু আগেই থেকেই এ গানের জন্য ‘ঘুমর’ নাচের তালিম নিচ্ছিলেন দীপিকা। এ গানটির দৃশ্যায়নের মধ্য দিয়েই শুরু হয় পদ্মাবতীর শুটিং। আর সে মুহূর্তের কথা একেবারেই ভুলতে পারছেন না দীপিকা!

সাক্ষাতকারে তিনি বলেন, “এ গানটি আমার জীবনের অন্যতম কঠিন ও স্মরণীয় একটি গান। ‘ঘুমর’ নাচটি আয়ত্ত করতে আমার টানা ছয় মাস লেগেছে। এ নাচে একটি বিশেষ ঘূর্ণন আছে যা আয়ত্তে আনতে পারছিলাম না। ‘ঘুমর’ গানটিতে এরকম ৬৬টি ঘূর্ণন দিতে হয়েছে আমাকে!”

দীপিকা আরও বলেন, “এ সিনেমায় অভিনয় করতে গিয়ে আমার চরিত্রের ভেতর এতটাই ঢুকে গিয়েছিলাম যে নিজেকে আর আলাদা করতে পারছিলাম না! বারবারই মনে হচ্ছিল আমি দীপিকা নই, আমিই রানি পদ্মিণী। এই গানটি করার সময় মনে হয়েছে রানি পদ্মিণী যেন আমার উপর ভর করেছে! ‘পদ্মাবতী’র ঘোর থেকে আমি এখনও বের হতে পারিনি। আগামী কয়েক বছরেও পারব কি না তা জানি না।”

 

১ ডিসেম্বর মুক্তি পাবে সঞ্জয় লীলা বনসালি’র বহুল আলোচিত পৌরাণিক সিনেমা ‘পদ্মাবতী’। এতে চিতোরের রানি পদ্মিণীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া রাজা মহারাওয়াল রতন সিং এর ভূমিকায় শহীদ কাপুর ও দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজী’র চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে।