২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতজুড়ে হীরালাল সেন স্মরণের উদ্যোগ

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনকে স্মরণ করা হবে সমগ্র ভারতজুড়ে। গ্লিটজকে জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 06:02 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেন এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের ভুখণ্ডে জন্মগ্রহণ করা এই শিল্পীর চলচ্চিত্রকার হিসেবে বেড়ে ওঠা ভারতে। তাই তার যোগ্য স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ভারতে দেশব্যাপী কর্মসূচী গ্রহণ করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া।

২৬ অক্টোবর বিকেল পাঁচটায় তার শততম প্রয়াণ-বার্ষিকী উদযাপিত হবে ভবানীপুরে এসকে ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিট্যুটের প্রেক্ষাগৃহে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর পক্ষ থেকে প্রেমেন্দ্র মজুমদার কলকাতা থেকে গ্লিটজকে এ প্রসঙ্গে বলেন, “ উপমহাদেশের চলচ্চিত্র-ইতিহাসে হীরালাল সেন-এর যোগ্য স্বীকৃতির উদ্দেশ্যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া- পূর্বাঞ্চলের পক্ষ থেকে দেশব্যাপী দীর্ঘ কর্মসূচী গ্রহণের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলকাতা ও ঢাকায় এবিষয়ে যাঁরা ভাবনা চিন্তা করছেন তাদের অনেকেই এই সভায় উপস্থিত থাকবেন।”

১৮৬৮ সালের ২ অগাস্ট মানিকগঞ্জের বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন হীরালাল সেন। ঢাকাতেই শুরু হয় তার নির্মাণযাত্রা।

পরবর্তীতে কলকাতায় গিয়ে সাফল্যের সঙ্গে একে একে নির্মাণ করেন ‘আলীবাবা চল্লিশ চোর’সহ অসংখ্য কাহিনিচিত্র, বঙ্গভঙ্গ বিরোধী তথ্যচিত্র।

উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শক, নির্মাতা এবং সার্বিকভাবে প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব বলা হয় হীরালাল সেনকে। অসাধারণ সৃজনী-কর্মে উজ্জ্বল চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেন ১৯১৭ সালের ২৬ অক্টোবর প্রয়াত হন।