প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেনকে স্মরণ
হীরালাল সেনের শততম মৃত্যুবার্ষিকীতে প্রথম বাঙালি চলচ্চিত্রকারকে শ্রদ্ধা জানালেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে হীরালাল সেন চলচ্চিত্র সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “হীরালাল সেন যে চলচ্চিত্রের সূত্রপাত করেছেন, তা আজ আমাদের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখায়, ভবিষ্যৎ নির্মাণের পথনকশা দেয়।”
হীরালাল সেনের ওপর চলচ্চিত্র নির্মাণ, স্মারকগ্রন্থ প্রকাশ ও তার নামে স্থাপনা করার বিষয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফ রেজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও চলচ্চিত্র গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র সংসদের প্রবীণতম সদস্য হাশেম সুফী বিশেষ অতিথি ছিলেন।
আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা পর্বের শেষে ছিল প্রদীপ প্রজ্বালন।
‘দ্য রয়াল বায়োস্কোপ কোম্পানি’ গঠন করে চলচ্চিত্র প্রদর্শন শুরু করেন। পরে ১৯০০ সালে ‘পুকুরে স্নান’ ও ‘কোটের খেলা’ নামে দুটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় হীরালাল সেনের চলচ্চিত্র নির্মাণ, পরিকল্পনা ও প্রযোজনার অভিযাত্রা। ১৯০০ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত তিনি ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক ছবি ‘আলীবাবা ও চল্লিশ চোর’ নির্মাণ করেন তিনি। ১৯০৩ সালে তার রয়াল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সিকে সেনের মাথার তেল ‘জবাকুসুম’, বটফেস্ট পালের ‘এডওয়ার্ড টনিক’ ও ডব্লিউ মেজর কোম্পানির ‘সালসা পিলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়। তাছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন।
শেষ জীবনে পরিবারের সদস্যদের কাছে প্রতারিত হয়ে ক্যামেরা বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন হীরালাল সেন। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে এক দুর্ঘটনায় হারিয়েছেন মেয়েকেও। পরে ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯১৭ সালের ২৯ অক্টোবর মারা যান উপমহাদেশের এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
