২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিরে দি ওয়েডিং’-এ অনন্য কারিনা ও সোনম

‘ভিরে দি ওয়েডিং’-এর পোস্টারে বিয়ে বাড়ির অনন্য সাজে নজর কাড়লো কারিনা কাপুর খান ও সোনম কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 10:10 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মা হওয়ার পর প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে কারিনা কাপুর খানকে। অন্যদিকে বলিউড ফ্যাশন আইকন সোনম কাপুরের সাজ-পোশাক নিয়ে নতুন করে কিছু বলার নেই।

একটি বিয়েকে কেন্দ্র করে চার নারীর মজার কিছু অভিজ্ঞতার গল্প নিয়ে নির্মিত হতে চলেছে ‘ভিরে দি ওয়েডিং’।

সম্প্রতি প্রকাশিত এ ছবির প্রথম পোস্টারে বিয়ের সাজে চার কন্যা- কারিনা, সোনম, স্বারা ভাস্কর ও শিখা তালসানিয়া’কে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৪ অক্টোবর প্রকাশের পরপরই সাড়া ফেলেছে ‘ভিরে দি ওয়েডিং’ এর প্রথম টিজার পোস্টার। এতে হলুদ রঙের লেহেঙ্গায়, জমকালো সাজ-পোশাকে কারিনা কাপুরকে দেখে ভক্তদের মনে জেগেছে আশা! পাখা হাতে রহস্যময় ভঙ্গিতে তাকিয়ে থাকা কারিনার ভেতর এক সময়ের বলিউড কাঁপানো সেই আবেদনময়ী অভিনেত্রীকেই যেন আবার খুঁজে পেলেন দর্শক!

অন্যদিকে পিঠখোলা ভিক্টোরিয়া গাউনের অভিজাত পোশাকে কম যাননি সোনমও! একইভাবে স্বমহিমায় ভক্তদের নজর কেড়েছেন সারা ভাস্কর ও শিখা তালসানিয়াও। তবে সবকিছু ছাপিয়ে একতা কাপুর ও হিৃয়া কাপুর প্রযোজিত ‘ভিরে দি ওয়েডিং’-এর রুচিশীল শিল্প-নির্দেশনার প্রশংসায় মেতেছেন সকলেই।

২৫ অক্টোবর প্রকাশিত হবে এ ছবির মূল পোস্টার। সেই সঙ্গে জানা যাবে শশাঙ্ক ঘোষ পরিচালিত এ রোমান্টিক-কমেডি সিনেমাটির মুক্তির তারিখ।