আমাদের যাই ঘটুক, সুনীলকে এখনও ভালোবাসি: কপিল
নতুন ছবি ‘ফিরাঙ্গি’র ট্রেইলার উদ্বোধনীতে সাবেক বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে মনোমালিন্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও ‘দ্য কপিল শর্মা শো’ তারকা কপিল শর্মা।
কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র কারণে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় কৌতুক-অভিনেতা কপিল শর্মা।
চলতি বছরের শুরুর দিকে এ অনুষ্ঠানের আরেক জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ডক্টর গুলাটি’ ওরেফে সুনীল গ্রোভারের উপর চড়াও হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। বিমানে ভ্রমণের সময় মদ্যপ অবস্থায় সুনীলকে জুতা ছুঁড়ে মেরেছিলেন বলেও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সম্প্রতি কপিল শর্মার নতুন ছবি ‘ফিরাঙ্গি’র ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “এ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে যতটা শোরগোল পড়েছিলো বাস্তবে বিষয়টা এত বড় ছিলো না।
সে সময় ‘ফিরাঙ্গি’ ছবির একজন সহঅভিনেতা মারা গিয়েছিলেন। তার মৃত্যুর খবরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।
একই দিনে অস্ট্রেলিয়াতে আমাদের ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানের একটি পর্বের শুটিং হওয়ার কথা ছিলো। কিন্তু নানা জটিলতায় তা বাতিল হয়ে যায়।
সব মিলিয়ে আমি মানসিক চাপে ছিলাম। সে কারণেই এমনটা ঘটেছে।
সুনীলকে আমি নয় বছর ধরে চিনি। সে আমার ভালো বন্ধু। তার জায়গায় আমি হলে এভাবে প্রতিক্রিয়া করতাম না, বন্ধুর মানসিক সংকটের কারণটি বোঝার চেষ্টা করতাম।”
কপিল আরও বলেন, “আমাদের ভিতর যাই ঘটে থাকুক না কেন, এখনও আমি সুনীলকে অনেক ভালোবাসি, তাকে মিস করি। দুর্ব্যবহারের জন্য তার কাছে আমি ক্ষমাও চেয়েছি। সে যদি আবারও আমার সঙ্গে কাজ করতে চায়, আমি খুশিই হবো।”
সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজীব ধিংগ্রা পরিচালিত ‘ফিরাঙ্গি’ ছবির ট্রেইলার। এতে ব্রিটিশ শাসনামলের পটভূমিতে ইংরেজ সাহেবদের অধীনে চাকরি করা ভারতীয় যুবক মগ্গার গল্প বলা হয়েছে।
সিনেমায় মগ্গা নামের এক বোকা-সোকা, প্রেমিক যুবকের চরিত্রে কপিল শর্মার অভিনয় নজর কেড়েছে সকলের। এর আগে প্রকাশিত পোস্টারে ইংরেজ সাহেবদের পিঠে লাথি দিতে দেখা গিয়েছিলো মগ্গাকে! কেন এমনটা করলেন কপিল? এ প্রশ্নের উত্তর এবার মিলবে ট্রেইলারে!
এর আগে ‘কিস কিসকো প্যায়ার করু’ দিয়ে দর্শকমাৎ করেছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান কপিল। এবারে ‘ফিরাঙ্গি’ দিয়ে আবারও দর্শকমাৎ করবেন তিনি- এমনই আভাস মিলছে ট্রেইলারে। কপিল শর্মা, ঈশিতা দত্ত, মনিকা গিল প্রমুখ অভিনীত ‘ফিরাঙ্গি’ মুক্তি পাবে ২৪ নভেম্বর।
