নেপালের উৎসবে যাচ্ছে উদীচীর ‘ক্ষতচিহ্ন’
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হতে যাওয়া দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চলচ্চিত্র ‘ক্ষতচিহ্ন’।
ফিল্ম সাউথ এশিয়ার আয়োজনে আগামী ২-৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ উৎসব। প্রতি দুই বছর পরপর এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।
ফিল্ম সাউথ এশিয়ার ২০তম বছরে এবার ২০১৭ সালের উৎসবে প্রদর্শনের জন্য তিন শতাধিক চলচ্চিত্র জমা দেওয়া হয়। এর মধ্যে থেকে নির্বাচকরা ৪৫টি চলচ্চিত্রকে প্রদর্শনের জন্য বেছে নিয়েছেন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ক্ষতচিহ্ন’ এর মধ্যে অন্যতম। এটির গবেষণা ও পরিচালনা করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ।
উৎসবে অংশ নিতে ফিল্ম সাউথ এশিয়ার পক্ষ থেকে প্রদীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে চলচ্চিত্রের শুটিংয়ে প্রদীপ ঘোষ (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
১৯৯৯ সালে যশোর টাউন হল ময়দানে আয়োজিত হয় দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন। তিন দিনের ওই সম্মেলনের শেষ দিনে সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর বোমা হামলা কেড়ে নেয় দশটি প্রাণ।
২০০৫ সালের ৮ ডিসেম্বর আবারো হামলার শিকার হয় উদীচী। নেত্রকোনা জেলা উদীচীর কার্যালয়ে হামলায় আবারো জাতি দেখে সংস্কৃতি কর্মীর লাশ। এসব হামলায় চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।
এসব হামলার ক্ষতচিহ্ন দেশবাসী বয়ে বেড়াচ্ছে এখনো। তারই ইতিহাস বর্ণিত হয়েছে এ প্রামাণ্যচিত্রে।
