চারদিনেই শতকোটির ঘরে ‘গোলমাল এগেইন’
ভারতের বক্সঅফিসে জমজমাট ব্যবসা করছে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি’র চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’।
২০ অক্টোবর মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি ঘরে তুলে আশার আলো জাগিয়েছিলো অজয় দেবগণ, পরিনীতি চোপড়া, টাবু, আর্সাদ ওয়ার্সি অভিনীত ‘গোলমাল এগেইন’।
২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে যাত্রা শুরু করা এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’-এর সাফল্য ছাড়িয়ে গেছে এর আগের কিস্তিগুলোকেও।
মুক্তির চার দিনেই মোট ১০৩ কোটি ৬৪ লাখ আয় করে বক্সঅফিসে রাজত্ব করছে রোহিত শেঠি পরিচালিত এ কমেডি সিনেমা।
শুক্র, শনি ও রবিবারের পাশাপাশি সোমবারেও ১৬ কোটির উপরে আয় করে বক্সঅফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে এ সিনেমাটি।
‘গোলমাল এগেইন’-এর গল্প ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাজি’র অন্যান্য সিনেমাগুলোর মতো হলেও রয়েছে কিছু পার্থক্য। অধিকাংশ দর্শকের মতে এ ছবির কৌতুকগুলোর মধ্যে কোনো ভাঁড়ামি ছিল না বরং গল্প ও সংলাপে ছিল নতুনত্বের স্বাদ।
এছাড়াও অজয় দেবগণের অসাধারণ অভিনয় ও পরিণীতি চোপড়ার সাবলীল ও আকর্ষণীয় পর্দা উপস্থিতি এ ছবিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে সহজেই।
