২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধলেন হাসান ইমাম ও দিলারা জামান

ধারাবাহিকে জুটি বাঁধলেন দুই গুণী অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও দিলারা জামান। তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’ নামে একটি ধারাবাহিকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2017, 07:31 PM

Updated : 12 Apr 2022, 12:34 AM

বয়সে পৌঢ় হলেও মানসিকভাবে তারা বেশ তরুণ। পোশাক পরিচ্ছদ আর পরিপাটি সাজে তাদের আসল বয়স বোঝার উপায় নেই। বিয়েও করেছিলেন প্রেম করে।

শেষ বয়সে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। রেস্টুরেন্টে আগত যুগলদের প্রেমপর্ব দেখে তারা স্মৃতি হাতড়ে ফিরে যান নিজেদের তারুণ্যে। নিজেদের সেই সময়গুলোর সঙ্গে চলমান সময়ের পার্থক্যগুলো পীড়া দেয় তাদের।

দিলারা জামান গ্লিটজকে বললেন, “আমাদের এখনকার প্রেমগুলো আর আগের মতো নেই। একসঙ্গে খেতে গিয়ে মোবাইল নিয়েই ব্যস্ত থাকি। পাশে থাকলেও সবার মধ্যে বিচ্ছিন্নতা চলে আসছে। মূলত এই বিষয়গুলোই নাটকে উঠে এসেছে।”

নিজের চরিত্র নিয়ে বললেন, “গ্রামের বুড়ির চরিত্রে অনেক কাজ করেছি! সেগুলো স্বাভাবিক হয়ে গেছে। এবার একটু ভিন্নরকম চরিত্রে কাজ করছি। আরিয়ান গল্পটা ভালো লিখেছে। হালকা গ্ল্যামারাস চরিত্র বলা যায়। এর জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টাও করছি। একটি এপিসোড প্রচার হলেই বুঝতে পারব।”

নাটকে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার-নাদিয়া, অপূর্ব-তাসনুভা তিশা ও তামিম-সিফাত। মিজানুর রহমান আরিয়ানের গল্পে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ভ সিদ্দিকি মিডি।

প্রায় দুই যুগ আগে ১৯৯৩ সালে বিটিভির একটি প্যাকেজ নাটকে প্রথমবার জুটি বেঁধেছিলেন ইমাম ও দিলারা জামান। তারপর থেকে অসংখ্য নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা।