২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভযাত্রা

বাংলা চলচ্চিত্রে চলমান বৈরি সময়টাকে শুভসময়ে পরিণত করেছেন শুভ।  প্রশংসায় ভাসছেন সিনেমার বোমা নিস্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান। চরিত্র থেকে বেরিয়ে গ্লিটজের সঙ্গে আড্ডায় মজলেন তিনি।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 09:09 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

রাশিফল বলছে, এ সপ্তাহে নাকি আরিফিন শুভর যাত্রা শুভ! ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে শুভর সেই যাত্রাটা পরিণত হয়েছে জয়যাত্রায়। ছবিটিকে ঘিরে দর্শক মহলে উন্মাদনা তৈরি হয়েছে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। ভাসছেন শুভেচ্ছা বার্তায়।

শুভ বললেন, “ফেইসবুকে অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি। কাছের কিংবা দূরের মানুষরাও শুভকামনা জানাচ্ছেন। আমি ওদের বিশ্বাসটা রাখতে পেরেছি। এই ছবির মধ্য দিয়ে দর্শক বহুদিন পর হল মুখী হচ্ছেন।”

“স্রোতের বিপরীতে হাঁটা আমার অভ্যাস। ছবির এ সাফল্য সেই চেষ্টাটাকে সার্থক করে তুলেছে।”

শুটিংয়ের প্রথম দিন থেকেই আশাবাদী ছিলেন এ অভিনেতা। ভেবেছিলেন, একটা কিছু হবে! আর বিশ্বাসটাও ছিল পোক্ত।

বললেন, “বিশ্বাস ছিল, ছবিটি দর্শকের ভালো লাগবে। তবে এর জন্য শুধুমাত্র আমার উপর নির্ভর করলে হবে না। ভালো একটা টিম দরকার ছিল। সেটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবছি।”

এর আগে ‘অস্তিত্ব’, ‘তারকাঁটা’, ‘মুসাফির’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন শুভ। তবে প্রাদপ্রদীপের আলোতে এসেছিলেন ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার মধ্য দিয়ে।

এরপর তার ক্যারিয়ারের সবচেয়ে হিট সিনেমা বলছেন ‘ঢাকা অ্যাটাক’কে।

শুভকে ঘিরে ইন্ডাস্ট্রিতে বরাবরই একটা কথা প্রচলিত ছিল, হিরো হিসেবে পর্যাপ্ত গুণ থাকার পরও ভালো নির্মাতার হাতে না পড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি । তবে ‘ঢাকা অ্যাটাক’ তার সেই আক্ষেপটা ঘুচিয়েছে। বিষয়টি নিজেও স্বীকার করলেন।

বললেন, “এতদিনে কোনো চলচ্চিত্রে প্রপারলি আমাকে কাজে লাগানো হলো। প্রপারলি আমাকে যেমন কাজে লাগিয়েছে তেমনি আমার ডেডিকেশনটাও দরকার ছিল। শিল্পী যদি পুরোপুরি ডেডিকেটেড না হয় তাহলে যতই ভালো ডিরেক্টর হোক না কেন খুব বেশি কাজে দেয় না।”

তিনি আশা করছেন ন্যূনতম তিন-চার সপ্তাহ সিনেমা হলে ছবিটির জয়যাত্রা চলবে। চলতি মাসের শেষের দিকে দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, আমেরিকা, ওমানসহ আরো বেশ কটি দেশে মুক্তি পাবে ছবিটি। নভেম্বরের শুরুতে পুরো টিমের সঙ্গে উড়াল দেবেন বিদেশে।

‘ঢাকা আটাক’-এর আমেজ ফুরানোর আগে ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’ নামে সিক্যুয়েল বানানোর ঘোষণা দিয়েছেন ছবির নির্মাতা দীপঙ্কর দীপন।

এই সিক্যুয়েলে তার থাকার প্রশ্নে শুভ বললেন, “মাত্র ঘোষণা করেছে। আমার যদি মনে হয় সেখানেও কাজের জায়গা আছে সেক্ষেত্রে অবশ্যই করব। আর যদি কাজের জায়গা না থাকলে তাহলে ‘স্যরি’ বলতে হবে।”

ছবির সাফল্যে ইতিমধ্যে শুভকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন নির্মাতারা। নতুন আরেকটি সিনেমার অফার পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই চুক্তিবদ্ধ হবেন তিনি।

‘ঢাকা অ্যাটাক’-এর পর শিগগিরই ‘ভালো থেকো’ নামে আরেকটি চলচ্চিত্র নিয়ে বড়পর্দায় আসছেন শুভ। চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের শুটিংও প্রায় শেষের পথে।