দুঃখ প্রকাশ করলেন তানযীর তুহীন
শিরোনামহীন থেকে সরে দাঁড়ানোর পর দলের বাকি সদস্যদের সঙ্গে তানযীর তুহীনের দূরত্ব বাড়তে থাকে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেন। সেই ঘটনায় এবার দুঃখ প্রকাশ করলেন তুহীন।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “আমি শিরোনামহীন ব্যান্ড মেম্বার ও পরিবারবর্গের কাছে দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করছি, যারা বিগত কয়েকদিন অমানসিক দুঃখ ও কষ্ট ভোগ করছেন, আমার বক্তব্যের প্রেক্ষিতে।”
স্ট্যাটাসে তিনি আরো লিখেন, “শিরোনামহীনের সকল শ্রোতা, ভক্ত, বন্ধু এবং মিডিয়াকেও অনুরোধ করছি, আপনারা বিগত সময়গুলোতে যে ভাবে শিরোনামহীন ব্যান্ডের পাশে থেকে সুখ, দুঃখ, আনন্দে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, সেভাবে আগামী সময়গুলোতেও পাশে থাকবেন।
“শিরোনামহীনের কাছে আমি কৃতজ্ঞ, বিগত বছরের পথচলায় তারা আমাকে যে ভালবাসা ও সুযোগ দিয়েছে গান গাওয়ার, তা আমার বাকি জীবনটাকে এগিয়ে নিতে উৎসাহ ও প্রেরণা যোগাবে।”
শুক্রবার (৬ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেইসবুক স্ট্যাটাসে শিরোনামহীন ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তুহীন।
তবে পরদিন শনিবার (৭ অক্টোবর) দুপুরে গ্লিটজকে দেওয়া সাক্ষাৎকারে শিরোনামহীনের বাকি সদস্যদের দিকে অভিযোগ তুলে বলেছিলেন, “এতদিন যাদের সঙ্গে মিউজিক করলাম তাদের কাছে আত্মিক সম্পর্কের চেয়ে আর্থিক সম্পর্কটাই বেশি গুরুত্ব পেল। বিষয়গুলো এত জটিল ছিল না। আমার প্রতি ওদের আচরণ নোংরা লেগেছে। অসুখ হলে মানুষ চেনা যায়। সেই অবস্থায় আমি বিষয়গুলো অনুধাবন করেছি। সেই হিসেবেই ভাবলাম, এই জায়গায় আমার কাজ না করলেও চলবে।”
ব্যান্ডদলটি ছাড়ার পর একটি অডিও গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘তবুও’ শিরোনামের এই গানটির কথা আর সুর তৈরি করেছেন আরেক সংগীতশিল্পী আহমেদ রাজীব।
