২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জুটি বাঁধলেন নিশো-নদী

নির্মাতা মামুন খানের ‘বুঝতে হবে’ মাধ্যমে ছোটপর্দায় আবারও জুঁটি বাঁধতে চলেছেন অভিনয়শিল্পী আফরান নিশো ও নাদিয়া নদী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 07:47 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘বুঝতে হবে’। ৪ অক্টোবর থেকে উত্তরার মন্দিরা শুটিং হাউজ, উত্তরা এবং উত্তরার আশপাশের এলাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির মাধ্যমে স্কুল জীবনের তিন বন্ধু- নির্মাতা রিয়াজুল রিজু, অভিনেতা আরফান নিশো এবং পরিচালক মামুন খান দীর্ঘদিন পর একসঙ্গে হয়েছেন।

ইতিবাচক মানসিকতার সজল(নিশো) সমাজের অসঙ্গতি দূর করে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন। এ নিয়ে মহল্লার মুরুব্বি মতুর্জার সঙ্গে তার বাগ-বিতন্ডা বাঁধে। মুর্তজার মেয়ে আনিতাকে (নদী) ভালোবাসে সজল। এ বিষয় নিয়ে সজল ও আনিতার মধ্যে টানাপোড়ন শুরু হয়। সজল আনিতাকে কথা দেয় সে আর মর্তুজাকে বিভ্রান্ত করবে না।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা রিয়াজুল রিজু, আরফান নিশো, নাদিয়া নদী ও ফারজানা রিক্তা। নাটকটিতে অভিনয় সম্পর্কে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, “আসলে একজন নির্মাতাকে সবকিছুই সমানভাবে জানতে হয়। অভিনয় আরও বেশিই জানতে হয়। তারই বহিঃপ্রকাশ আমার অভিনয় করা। সামনে আরো কয়েকটা কাজে অভিনয়ের কথা রয়েছে।”

নাটকটির পরিচালক মামুন খান বলেন, “সত্যি বলতে কি আমরা কোন কিছু হলেই সরকারকে দোষারোপ করে থাকি। সেটা কতটুকু সঠিক আমরা কখনও ভাবি না। আমার নিজের ময়লা যদি আমি নির্দিষ্ট স্থানে ফেলি, আমি নিজে যদি আইন অমান্য না করি তাহলেই কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায়। এই জিনিসটাই ‘বুঝতে হবে’ নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।”

আরফান নিশো’র মতে, “নাটকটি সামাজিক দায়বদ্ধতা থেকে নির্মাণ করা হচ্ছে। আশা করি সমাজে এই নাটকটি ভালো প্রভাব ফেলবে।” নাদিয়া নদী বলেন, “শুধু মুখে মুখে বুঝলেই হবে না। বাস্তবেও আমাদের সামাজিক ও নাগরিক দায়গুলো বুঝতে হবে এবং এই নাটকের মাধ্যমে দর্শকরা অনেক কিছুই বুঝতে পারবেন।”

নাটকটি রচনা করেছেন মঞ্জুর রহমান। মামুন খানের পরিচালনা কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য নাটকটি প্রযোজনা করেছেন রাশেদ জামান। এতে আরও অভিনয় করেছেন- কাজী উজ্জ্বল, হাসি মুন, মেহেদী আকাশ প্রমুখ।