‘সীতা অউর গীতা’র সিকুয়ালে হেমাকে দেখতে চান দর্শক
সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ রাশিয়া’তে সম্মানিত হলেন ভারতীয় অভিনেত্রী হেমা মালিনী।
১৯৬৮ সালে ‘স্বপ্ন কা সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ‘ড্রিম গার্ল’ খ্যাত এ অভিনেত্রীর। এরপর ‘শরাফত’, ‘অভিনেত্রী’, ‘আন্দাজ’, ‘রাজা রানী’, ‘ড্রিম গার্ল’, ‘সীতা অউর গীতা’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের স্বপ্নের নায়িকায় পরিণত হন এ অভিনেত্রী। রমেশ সিপ্পি পরিচালিত ১৯৭২ সালের সিনেমা ‘সীতা অউর গীতা’র জন্য আজও স্মরণীয় তিনি। মুক্তির ৪৫ বছর পরও এ ছবির সিকুয়ালে প্রিয় অভিনেত্রী হেমা মালিনীকেই দেখতে চেয়েছেন দর্শক!
সম্প্রতি টুইটারে পুরস্কার পাওয়ার ছবি প্রকাশ করেন হেমা মালিনী। ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য মস্কোতে পুরস্কৃত করা হয়েছে আমাকে। রাশিয়ায় এসে ভক্তদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ৪০ বছর পরও ‘সীতা অউর গীতা’র জন্য আমাকে মনে রেখেছেন দর্শক! এ ছবির সিকুয়ালে আমাকে দেখতে চেয়েছেন তারা।”
সর্বশেষ ২১ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘এক থি রানী অ্যায়সি ভি’ সিনেমায় দেখা গেছে হেমাকে। ষাট, সত্তর ও আশির দশক মাৎ করা এ অভিনেত্রী আজও রয়েছেন দর্শকের প্রিয় অভিনেত্রীর তালিকায়।
