চলে গেলেন টম আলটার
চলে গেলেন মার্কিন বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা টম আলটার। ২৯ সেপ্টেম্বর মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
১৯৭৬ সালে ধমেন্দ্র অভিনীত ‘চরস’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন টম। এরপর ‘গান্ধি’, ‘সাত রং কি খিলাড়ি’, ‘ক্রান্তি’, ‘পারিন্দা’, ‘দ্য রাইজিং: ব্যালাড অফ মঙ্গল পান্ডে’, ‘বীর জারা’ সহ একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল অবধি প্রচারিত জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘জবান সামহালকে’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বেশ কয়েক বছর ধরে ত্বকের ক্যান্সারে আক্রান্ত ছিলেন টম। সম্প্রতি অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গণমাধ্যমকে এ অভিনেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তার ছেলে জেমি আলটার বলেন, “দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, শুক্রবার রাতে আমার বাবা টম আলটার পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন একজন লেখক, পরিচালক ও ‘পদ্মশ্রী’ পুরস্কারজয়ী অভিনেতা। এ দুঃসময়ে সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি।”
বড়পর্দা ছাড়াও ভারতীয় টিভি সিরিজ ‘বেতাল পঁচিশি’, ‘শক্তিমান’ ও ‘হাতিম’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছন টম। মঞ্চনাটক ‘ইন গালিব ইন দিল্লি’ দিয়েও দর্শক মাতিয়েছেন এ অভিনেতা। মঞ্চ, ছোটপর্দা ও বড়পর্দায় অবদানের জন্য ২০০৮ সালে ভারত সরকারের সম্মানজনক ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সর্বশেষ ‘সার্গোশিয়া’ সিনেমায় দেখা গেছে এ গুণী অভিনেতাকে।
মৃত্যকালে টম আলটারের বয়স হয়েছিলো ৬৭ বছর। স্ত্রী ক্যারল ইভান্স আলটার এবং মেয়ে আফশান ও ছেলে জেমিকে রেখে গেছেন তিনি।
